Shoot Out in Kolkata

পাটুলিতে জুয়ার আসরে চলল গুলি, মাথায় গুলিবিদ্ধ হয়ে তৃণমূল কর্মীর মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও একজন

মৃতের পরিবারের অভিযোগ, রাত সাড়ে ১২টা নাগাদ কয়েক জন দুষ্কৃতী আচমকাই ফ্ল্যাটে ঢুকে গুলি চালাতে শুরু করে। সেই গুলিতেই রাহুল ও জিৎ গুরুতর জখম হন। হাসপাতালে নিয়ে গেলে রাহুলকে মৃত বলে ঘোষণা করা হয়।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৬ ০৬:০৬

নির্বাচনের আবহে এ বার গঙ্গারামপুরের পর কলকাতায় 'শুটআউট'। বাঘাযতীনের পূর্ব ফুলবাগান এলাকার একটি আবাসনে বন্ধুর ফ্ল্যাটে গিয়ে খুন হলেন ৩৫ বছরের যুবক রাহুল দে। তাঁর বন্ধু, জিৎ মুখোপাধ্যায়ও গুলিবিদ্ধ হয়ে জখম হয়েছেন। এই গুলি চালনোর ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

নিহত রাহুল দে স্থানীয় তৃণমূল কর্মী। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, বুধবার গভীর রাতে রাহুল বন্ধুর ডাকে জিৎ মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে যান। মৃতের পরিবারের অভিযোগ, রাত সাড়ে ১২টা নাগাদ কয়েক জন দুষ্কৃতী আচমকাই ফ্ল্যাটে ঢুকে গুলি চালাতে শুরু করে। সেই গুলিতেই রাহুল ও জিৎ গুরুতর জখম হন। হাসপাতালে নিয়ে গেলে রাহুলকে মৃত বলে ঘোষণা করা হয়। রাহুলের মাথায় গুলি লেগেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

ঘটনার পরই কলকাতা পুলিশের পাটুলি থানার পুলিশ এলাকায় পৌঁছোয়। তদন্তে নামে হোমিসাইড শাখাও। এই ঘটনায় জড়িত সন্দেহে এখনও পর্যন্ত চার জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তরা হলেন দীপ রায়, বিধান বন্দ্যোপাধ্যায়, রাজা বণিক এবং জয়ন্ত ঘোষ।

পুলিশের প্রাথমিক অনুমান, জুয়া খেলার টাকা ভাগ-বাঁটোয়ারা নিয়ে বিবাদের জেরেই এই হামলা হয়েছে। কীভাবে দুষ্কৃতীরা ফ্ল্যাটে ঢুকে গুলি চালিয়ে বেরিয়ে গেল, তা তদন্ত করে দেখা হচ্ছে। এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্তকারীরা পরীক্ষা করছেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় আবাসনের ছাদে কয়েক জন উপস্থিত ছিলেন এবং সেখানে খাওয়াদাওয়া চলছিল। গুলি চলার আগে কয়েক জনের মধ্যে বচসাও হয় বলে দাবি স্থানীয়দের। আহত জিৎ মুখোপাধ্যায়ের জেঠুর বক্তব্য, ছাদে উত্তপ্ত কথাবার্তা শুনে তিনি নীচ থেকে ডাক দেন। পুলিশ সূত্রে খবর, জিতের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ রয়েছে তাদের কাছে।

তদন্তে ঘটনাস্থল থেকে ফাঁকা কার্তুজ, এক অভিযুক্তের পার্স, মদের বোতল, রেড বুল-এর ক্যান এবং জলের বোতল উদ্ধার করেছে পুলিশ। জিৎ মুখোপাধ্যায়ের বয়ানের ভিত্তিতে খুনের মামলা রুজু হয়েছে।


Share