Shoot Out in Gangarampur

গঙ্গারামপুরে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ দলেরই নেতার বিরুদ্ধে, বিধানসভা নির্বাচনের শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে

ঘটনায় প্রসঙ্গে জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তল বলেন, “মঙ্গলবার রাতের ঘটনা নিয়ে একটি লিখিত অভিযোগ থানায় জমা হয়েছে। তদন্ত করে দেখে ব্যবস্থা নেওয়া হবে।”

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর
  • শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৬ ০৫:০৩

বিধানসভা নির্বাচনের আবহে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের বড়বাজারে শুটআউট। মঙ্গলবার মধ্যরাতে গঙ্গারামপুর থানার সামনে তৃণমূল কর্মী শিবা চৌধুরীকে গুলি চালানোর অভিযোগ উঠেছে। গুরুতর জখম অবস্থায় তাঁকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে গঙ্গারামপুর শহরের ৭ নম্বর ওয়ার্ডের বড়বাজার এলাকায় এই ঘটনাটি ঘটেছে। অভিযোগ, মঙ্গলবার মধ‍্যরাতে তৃণমূল কর্মী শিবা নিজের গাড়িতে চেপে বাড়ি ফিরছিলেন। সেই সময়ে এলাকার তৃণমূল নেতা বাবু চৌধুরী ও তাঁর দলবল থানার সামনেই গাড়ি আটকায়। এর পরেই শিবাকে লক্ষ্য করে গুলি চালায়। শিবার পেটে গুলি লেগেছে।

ঘটনার খবর পেয়ে স্থানীয়েরা ছুটে আসেন। তাঁদের দাবি, তার পরেই অভিযুক্তেরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় শিবাকে উদ্ধার করে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালের কালদিঘির সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্রের খবর, শিবার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল গৌতম দাসকে প্রার্থী করেছ। স্থানীয় সূত্রের খবর, শিবা চৌধুরীকে গৌতমের ঘনিষ্ঠ। অন্যদিকে, অভিযুক্ত বাবু চৌধুরী গঙ্গারামপুর শহরের এসসি-এসটি-ওবিসি সেলের তৃণমূলের সভাপতি পদে রয়েছেন। শিবা ও বাবু চৌধুরীর মধ্যে দীর্ঘদিনের বিরোধের কথাও এলাকায় পরিচিত। শিবার বাড়ি ১০ নম্বর ওয়ার্ডের সাহাপাড়া এলাকায়। বাবু চৌধুরীর বাড়ি ৭ নম্বর ওয়ার্ডে থানার সামনেই থাকেন। স্থানীয়দের দাবি, কয়েক দিন আগে ইন্দ্রনাথপুর কলোনি স্কুলে একটি ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের অনুগামীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল।

ঘটনার খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয়। তবে অভিযুক্ত বাবু চৌধুরী বর্তমানে পলাতক বলে জানা গিয়েছে। তাঁর খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে। আহত শিবার ভাই বিপ্লব চৌধুরী বলেন, “পরিকল্পনা করেই আমার দাদাকে খুনের চেষ্টা করা হয়েছে। বাবু চৌধুরী ও তার দলবল এই ঘটনার সঙ্গে জড়িত। আমরা দোষীদের গ্রেফতারির দাবি করছি। তাঁদের কঠোর শাস্তির দাবি জানাই।

পুলিশ এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। এলাকার লোকজনের সঙ্গে কথা বলেছে। আক্রান্তের পরিবারের বয়ান নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। ঘটনায় প্রসঙ্গে জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তল বলেন, “মঙ্গলবার রাতের ঘটনা নিয়ে একটি লিখিত অভিযোগ থানায় জমা হয়েছে। তদন্ত করে দেখে ব্যবস্থা নেওয়া হবে।”


Share