School Service Commission

ভোটের মাঝেই শিক্ষক নিয়োগে বড় সঙ্কট! কর্মী সংকটে হাই কোর্টের দ্বারস্থ স্কুল সার্ভিস কমিশন

বিচারপতি কৃষ্ণা রায়ের এজলাসে স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয়, শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে আগামী ৩১ অগস্টের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। আগে মার্চের মধ্যে এই কাজ শেষ করার কথা ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই লক্ষ্য পূরণ করা কঠিন হয়ে দাঁড়িয়েছে।

স্কুল সার্ভিস কমিশন
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৬ ০৫:১৩

এপ্রিলেই বিধানসভা নির্বাচন। সেই আবহেই এক বড় বাঁধার সম্মুখীন হল স্কুল সার্ভিস কমিশন। সুপ্রিম কোর্ট শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সময় বেঁধে দিয়েছে। এরই মধ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা নিয়ে অনিশ্চয়তা তৈরী হয়েছে। সেই অনিশ্চয়তা নিয়েই এসএসসি হাই কোর্টের দারস্থ হল।

বিচারপতি কৃষ্ণা রায়ের এজলাসে স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয়, শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে আগামী ৩১ অগস্টের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। আগে মার্চের মধ্যে এই কাজ শেষ করার কথা ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই লক্ষ্য পূরণ করা কঠিন হয়ে দাঁড়িয়েছে।

এসএসসি-এর দাবি, তাদের মোট কর্মী সংখ্যা মাত্র ৩৫ জন। এর মধ্যে ২৪ জনকে নির্বাচন কমিশন ভোট সংক্রান্ত কাজে নিয়োজিত করেছে। ফলে হাতে থাকা অল্প সংখ্যক কর্মী নিয়ে নিয়োগ প্রক্রিয়া সচল রাখা কার্যত কঠিন হয়ে উঠেছে।

এই পরিস্থিতিতে ইন্টারভিউ প্রক্রিয়া চললেও নির্ধারিত সময়ের মধ্যে তা সম্পূর্ণ করা যাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কমিশনের বক্তব্য, তাদের কর্মীরা একটি স্বশাসিত সংস্থার অধীন, তাই সরাসরি ভোটের কাজে তাদের ব্যবহার করা কতটা যুক্তিসঙ্গত, তা নিয়েও প্রশ্ন উঠছে।

প্রসঙ্গত, ২০১৬ সালের শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগের জেরে কলকাতা হাই কোর্ট সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয়। পরে সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেলেও শীর্ষ আদালত হাইকোর্টের সিদ্ধান্ত বহাল রাখে। একই সঙ্গে অযোগ্য প্রার্থীদের বাদ দিয়ে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেয়।

সেই নির্দেশ মেনেই নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের লিখিত পরীক্ষা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং বর্তমানে ইন্টারভিউ পর্ব চলছে।

তবে ভোটের কারণে কর্মীসংকট তৈরি হওয়ায় পুরো প্রক্রিয়া নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা যাবে কি না, তা নিয়ে উদ্বেগ বাড়ছে। পরিস্থিতি স্পষ্ট করতে এবং প্রয়োজনীয় নির্দেশের দাবিতে কমিশন আবারও আদালতের দ্বারস্থ হয়েছে।

কলকাতা হাই কোর্ট জানিয়েছে, আগামী সোমবার মামলার শুনানি হবে। এখন সেই শুনানির দিকেই তাকিয়ে রয়েছে কমিশন এবং হাজার হাজার চাকরিপ্রার্থী।


Share