Election Commission

সাপ্লিমেন্টারি তালিকায় বড়সড় কাটছাঁট, ৩২ লক্ষ নিষ্পত্তির মধ্যে প্রায় ১৩ লক্ষ নাম বাদ, খবর কমিশনের সূত্রের

আগামী শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশিত হবে বলে কমিশন সূত্রের খবর। তবে সেই তালিকা আদৌ বেরোবে কি না তা নিশ্চিত করে বলতে পারছেন না কমিশনের কোনও কর্তাই। তবে এই তালিকা থেকে বাদ পড়া ভোটারেরা তালিকায় নাম তুলতে গেলে ট্রাইবুনালের কাছে আবেদন জানাতে পারবেন।

নির্বাচন কমিশন
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৬ ১০:৪৬

চূড়ান্ত ভোটার তালিকার পরে সোমবার মধ‍্যরাতে প্রকাশিত হয়েছে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা। সেই তালিকা বেরোনোর পর কত নাম বাদ গেল তা নিয়ে এখনও আনুষ্ঠানিক ভাবে কিছুই জানায়নি নির্বাচন কমিশন। বুধবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারীকের দফতর সূত্রের খবর, এখনও পর্যন্ত ৩২ লক্ষের নথি নিষ্পত্তি হয়েছে। তা থেকে ৩৫ থেকে ৪০ শতাংশ নাম বাদ পড়েছে।

কমিশন সূত্রের খবর, বুধবার বিকেল পর্যন্ত বিচারবিভাগীয় আধিকারিকেরা ৩২ লক্ষ ভোটারের নথি যাচাই করেছেন। তা থেকে ৩৫ থেকে ৪০ শতাংশ ভোটারের নাম বাদ পড়েছে। অতএব সাড়ে ১১ লক্ষ থেকে ১২ লক্ষ মানুষের নাম বাদ পড়েছে। যদিও আনুষ্ঠানিক ভাবে নির্বাচন কমিশন বাদের তালিকায় থাকা ভোটারের সংখ্যা নিয়ে কিছুই বলতে পারছে না। কোন বিধানসভা কেন্দ্রে কত নাম বাদের তালিকায় রয়েছে তা নিয়েও স্পষ্ট করে কিছুই জানানো হয়নি।

গত ২৮ ফেব্রুয়ারী রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছিল। এর আগে খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়েছিল ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ জনের নাম। খসড়া এবং চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জনের নাম বাদ গিয়েছে। তবে মৃত-স্থানান্তরিত-ভুয়ো তালিকা বাদ দিয়ে যাঁদের নাম বাদ পড়েছে তাঁরা পুনরায় আবেদন জানাতেই পারেন।

আগামী শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশিত হবে বলে কমিশন সূত্রের খবর। তবে সেই তালিকা আদৌ বেরোবে কি না তা নিশ্চিত করে বলতে পারছেন না কমিশনের কোনও কর্তাই। তবে এই তালিকা থেকে বাদ পড়া ভোটারেরা তালিকায় নাম তুলতে গেলে ট্রাইবুনালের কাছে আবেদন জানাতে পারবেন।

উল্লেখ্য, খসড়া তালিকায় যে সাত কোটি আট লক্ষ ১৬ হাজার ৬৩০ জনের নাম ছিল, তাঁদের মধ্যে প্রায় এক কোটি ৫২ লক্ষ ভোটার শুনানির ডাক পান। এর মধ্যে ‘আনম‍্যাপড’ ভোটারের সংখ্যা ছিল ৩১ লক্ষ ৬৮ হাজার ৪২৬। বাকি এক কোটি ২০ লক্ষ ভোটারকে তথ্যগত অসঙ্গতি বা লজিকাল ডিসক্রিপেন্সির জন‍্য কমিশন শুনানির জন্য ডেকে পাঠায়। সব মিলিয়ে প্রায় এক কোটি ৪২ লক্ষ ভোটারের শুনানি হয়। তাঁদের মধ্যে ৮২ লক্ষ ভোটারের নথি নিয়ে ইআরও এবং এইআরও-দের সঙ্গে সহমত হয় কমিশন। তাঁরা জানায়, শুনানিতে বাছাই করে মোট পাঁচ লক্ষের বেশি নাম বাদ দেওয়া হয়। তার পরে প্রথম দফার চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়।

প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী, রাজ্যের মোট ভোটার সংখ্যা সাত কোটি চার লক্ষ ৫৯ হাজার ২৮৪। তার মধ্যে ৬০ লক্ষ ছ'হাজার ৬৭৫ জনের নাম বিবেচনাধীন পর্যায়ে ছিল।


Share