Weather Update

তাপমাত্রার একধাক্কায় তিন থেকে পাঁচ ডিগ্রি বৃদ্ধি! শুক্রবার থেকে বদলাবে আবহাওয়ার চিত্র, ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা

তাপমাত্রা একধাক্কায় ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে। তার সঙ্গে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি যা নাজেহাল করবে শহরবাসীকে। গরমের এই দাপট বেশি দিন স্থায়ী হবে না।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৬ ১০:৫৬

কয়েকদিনের ঝড়বৃষ্টির পর ফের বাড়ছে গরমের দাপট। বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে তাপমাত্রা একধাক্কায় ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে। তার সঙ্গে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি যা নাজেহাল করবে শহরবাসীকে।

গরমের এই দাপট বেশি দিন স্থায়ী হবে না। আবহাওয়া দফতরের পূর্বাভাস, সম্পূর্ণ ছবিটাশুক্রবার থেকেই বদলে যাবে। শুরু হবে ঝড়বৃষ্টি। সেই ধারা চলবে রবিবার পর্যন্ত। সোমবার থেকে ফের আবহাওয়া শান্ত হতে পারে। তবে তখন আবার তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গে, শুক্রবার থেকে পরিস্থিতি বদলাবে। বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও ঝাড়গ্রাম জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। কলকাতাতেও এ দিন বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে।

এছাড়া হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া ও বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সব জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে।

শনিবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হবে। রবিবার পরিস্থিতি আরও জোরালো হয়ে উঠতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। একাধিক জেলায় এই কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রবিবারের পর ঝড়ের দাপট কিছুটা কমবে। 

উত্তরবঙ্গেওএকই ছবি। শুক্রবার থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার-সহ সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে ভ্রমণকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

মোটের উপর, তীব্র গরমের মাঝে বৃষ্টিতে মিলতে পারে সাময়িক স্বস্তি, তবে কালবৈশাখীর আশঙ্কায় বাড়ছে উদ্বেগও।


Share