Mamata Banerjee

‘পরে নাম তুলে কী হবে, ভোটটাই দিতে পারবে না,’ আলিপুর সার্ভে ব্লিডিংয়ে মনোনয়ন জমা দিয়ে ভোটার তালিকা নিয়ে সরব মমতা

তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় সকালে কালীঘাটের বাড়ি থেকে মিছিল করে আলিপুরে পৌঁছন। মনোনয়ন জমা দেওয়ার সময় তাঁর সঙ্গে ছিলেন ফিরহাদ হাকিম-সহ অন্যান্য নেতৃত্বরা।

মনোনয়ন জমা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ ১২:৪৮

ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকাল সওয়া ১১টা নাগাদ আলিপুর সার্ভে ব্লিডিংয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার পর বাইরে এসে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া বা ‘ডিলিটেড’ ভোটারদের প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, 'পরে নাম তুলে কী হবে? ভোটটাই তো দিতে পারবে না।'

তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় সকালে কালীঘাটের বাড়ি থেকে মিছিল করে আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে পৌঁছোন। মনোনয়ন জমা দেওয়ার সময় তাঁর সঙ্গে ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, কাউন্সিলর এবং মুখ্যমন্ত্রীর ভাই স্বপন বন্দ্যোপাধ্যায়, কার্তিক বন্দ্যোপাধ্যায়, ভ্রাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায় এবং মেয়র পারিষদ সন্দীপরঞ্জন বক্সী। সকাল ১১টা ২০ মিনিট নাগাদ মনোনয়ন জমা দিয়ে বাইরে বেরিয়ে স্থানীয় বাসিন্দা ও দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, 'আমি ছোট থেকে এখানেই আছি। এখানেই থাকি। এখান থেকেই আমার সব কিছু। এই জায়গাই আমার ধর্ম, কর্ম, আন্দোলনের জায়গা। ভবানীপুরের মানুষকে আমার ধন্যবাদ। আমার নমস্কার।'

এ দিন মুখ্যমন্ত্রী ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার বিষয়েও সরব হন। “ট্রাইবুনাল চলার সময়ে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি বন্ধ করে দেওয়ার মানে কী?” আবার আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মনোনয়ন জমা দিতে যাওয়ার পথে রাস্তার দু’পাশে বহু মানুষ জড়ো হয়ে শঙ্খধ্বনি ও উলুধ্বনির মাধ্যমে তাঁকে স্বাগত জানান। ভিড় সামলাতে পুলিশ রাস্তার একাংশে গার্ডরেল বসায়। মনোনয়ন জমা দেওয়ার পরও হেঁটেই ফেরেন মমতা। ফেরার পথে তিনি জানান, সামনে আরও কর্মসূচি রয়েছে এবং এখন থেকে প্রতিদিনই নির্বাচনী ব্যস্ততা চলবে।


Share