Election Commission

'প্রমাণিত হলে ইস্তফা দেব’, নন্দীগ্রামের নিয়ে তৃণমূলের অভিযোগ উড়িয়ে দিলেন মনোজকুমার আগরওয়াল

এই পরিদর্শনের পরেই তৃণমূলের তরফ থেকে বৈঠক করে একটি ছবি দেখানো হয়। সেই ছবিতে দেখা যায়, মনোজের পিছনেই দাঁড়িয়ে রয়েছেন স্থানীয় বিজেপি নেতা তপনকুমার মহাপাত্র। সেই প্রেক্ষিতেই মুখ খুললেন তিনি।

রাজ্যের সিইও মনোজকুমার আগরওয়াল
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ ১০:৫৮

আর হাতে মাত্র কয়েকটা দিন। সেই আবহে নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে জেলায় জেলায় পরিদর্শনে যাবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল। সেই মতোই গত শনিবার নন্দীগ্রামে গিয়েছিলেন তিনি। তার পরই তৃণমূল থেকে অভিযোগ ওঠে, স্থানীয় বিজেপি নেতা তপনকুমার মহাপাত্র কে নিয়ে তিনি এলাকা পরিদর্শনে গিয়েছিলেন। তৃণমূলের যাবতীয় অভিযোগ তিনি উড়িয়ে দিয়েছেন। তাঁর বক্তব্য, এই অভিযোগ প্রমাণিত হলে তিনি নিজে ইস্তফা দেবেন। তিনি স্পষ্ট জানান, তিনি জেলাশাসকের সঙ্গে গিয়েছিলেন। সেখানে কে কোথায় গিয়েছেন তার পক্ষে জানা সম্ভব নয়।

গত কয়েক বছর ধরে পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রাম নির্বাচনের অন্যতম একটি কেন্দ্রবিন্দু। এ বার বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে সর্বপ্রথম নন্দীগ্রামে যান। এই পরিদর্শনের পরেই তৃণমূলের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে একটি ছবি দেখানো হয়। সেই ছবিতে দেখা যায়, মনোজের পিছনেই দাঁড়িয়ে রয়েছেন স্থানীয় বিজেপি নেতা তপনকুমার মহাপাত্র। সেই প্রেক্ষিতেই মুখ খুললেন তিনি।

বুধবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বলেন, “আমি ওই জেলায় বৈঠকে গিয়েছিলাম। আমি জেলাশাসক, পুলিশ সুপারের সঙ্গে ওখানে গিয়েছিলাম। জেলাশাসক আমায় যেখানে নিয়ে গিয়েছিলেন, আমি সেখানেই গিয়েছিলাম। সেখানে কে ছিল, কে ছিল না, আমি কী করে জানব?”

উল্লেখ্য, রাজ্যে শাসক দল তৃণমূলের তরফ থেকে বারবারই অভিযোগ উঠছিল নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলিহেলনে কাজ করছে। আর এ হেন পরিস্থিতিতে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে বিজেপির এক নেতাকে ঘুরতে দেখা গিয়েছে। সাংবাদিক বৈঠক করে এই বিষয়টিকে সামনে এনেছে রাজ্যের শাসকদল তৃণমূল। ছবিও প্রকাশ করা হয়েছে। রাজ্যে বিধানসভা নির্বাচনের আর তিন সপ্তাহও বাকি নেই। সেই আবহে এই অভিযোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। পাল্টা বলেছে বিজেপিও।

মঙ্গলবার তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ। আরও একবার মনোজ আগরওয়ালের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। সাংবাদিক বৈঠক করে ছবি দেখানো হয়। নন্দীগ্রামের ওই বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলেও জানানো হয়েছে।  

কুণাল ঘোষের দাবি, একজন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বিজেপির ক্যাডারকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। নজিরবিহীন দলদাসত্ব চালিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন। চন্দ্রিমা ভট্টাচার্যও কমিশনের ভূমিকা ও মনোজ আগরওয়ালের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন।


Share