Terroist Arrest

১৬ বছর ধরাছোঁয়ার বাইরে বাইরে থাকার পরে অবশেষে গ্রেফতার লস্কর-ই-তৈয়বার জঙ্গি আবু হুরেইরা, উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র

হাওয়ালার মাধ‍্যমে টাকা পাচার করত। তল্লাশিতে একাধিক ইলেকট্রনিক ডিভাইস, নথিপত্র এবং অপরাধের সঙ্গে জড়িত নথি বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্তকারীরা মনে করছেন, এই জঙ্গি মডিউলের সঙ্গে আরও জড়িত রয়েছে।

(বাঁ দিক থেকে) আবু হুরেইরা ওরফে আবদুল্লাহ এবং উসমান ওরফে খুবাইব।
নিজস্ব সংবাদদাতা, জম্মু-কাশ্মীর
  • শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ ১১:১৬

পাকিস্তানের ইসলামিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার সদস্য আবু হুরেইরা ওরফে আবদুল্লাহকে গ্রেফতার করল জম্মু ও কাশ্মীর পুলিশ। প্রায় ১৬ বছর ধরে ধরাছোঁয়ার বাইরে ছিল। এ ছাড়াও, উসমান ওরফে খুবাইব নামে আরেক পাকিস্তানি জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। জঙ্গিদের সাহায্য করার অভিযোগে তিন জন স্থানীয় যুবককে গ্রেফতার করা হয়েছে। বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই গ্রেফতারির ফলে একটি আন্তঃরাজ্য জঙ্গি মডিউল ভেঙে দেওয়া গিয়েছে বলে গোয়েন্দারা মনে করছেন। জঙ্গি মডিউলের বিরুদ্ধে এই অভিযান জম্মু ও কাশ্মীর, রাজস্থান এবং হরিয়ানার মোট ১৯টি ঠিকানায় তল্লাশি চালানো হয়। সূত্রের খবর, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার খবরের ভিত্তিতে একাধিক জায়গায় জম্মু ও কাশ্মীরের পুলিশ অভিযান চালায়। সেখান থেকে আবু হুরেইয়া ওরফে আবদুল্লাহ এবং উসমান ওরফে খুবাইবকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের কাছ থেকে তিনটি একে-৪৭ রাইফেল, একে-কিনকভ রাইফেল, বেশ কয়েকটি পিস্তল এবং গ্রেনেড বাজেয়াপ্ত করা হয়েছে।

অভিযোগ, ধৃত দু’জন পাকিস্তানি ইসলামিক সংগঠনের জঙ্গিদের ভারতে আসতে সাহায্য করত। তাদের জন‍্য থাকার ব‍্যবস্থা করে দিত। যাতায়াতের বন্দোবস্ত করত তারা। তার জন্য একাধিক পরিচয়পত্র জাল করা হত। এই জঙ্গি মডিউলটি মূলত পাকিস্তানের ইসলামিক জঙ্গিদের ভারতে থাকতে সাহায্য করেছে। এমনকী, নথিপত্র জাল করে অন‍্য দেশেও পাঠাতে এই মডিউল কাজ করত। পুলিশ জানতে পেরেছে, এখনও পর্যন্ত প্রায় ৪০ জন পাকিস্তানের ইসলামিক জঙ্গিকে ভারতে থেকে মডিউল চালাতে সাহায্য করেছে। তদন্তকারীরা এ-ও জানতে পেরেছে, ভারতীয় নথি জাল করে এক ইসলামিক জঙ্গিকে দেশ ছেড়ে পালাতে সাহায্য করেছে এই মডিউল।

ধৃত পাঁচ স্থানীয় যুবককে গ্রেফতার করা হয়েছে। তাদের কাজ ছিল জঙ্গিরা এলে সুরক্ষিত বাড়ির ব‍্যবস্থা করে দিত। খাওয়াদাওয়ার ব্যবস্থা করত। হাওয়ালার মাধ‍্যমে টাকা পাচার করত। তল্লাশিতে একাধিক ইলেকট্রনিক ডিভাইস, নথিপত্র এবং অপরাধের সঙ্গে জড়িত নথি বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্তকারীরা মনে করছে এই জঙ্গি মডিউলের সঙ্গে আরও জড়িত রয়েছে। তাদের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে।


Share