Road Accident

বাসন্তী হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, অটো-গাড়ির সংঘর্ষে মৃত তিন, আহত দশ জন

ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়, পরে হাসপাতালে আরও একজনের প্রাণ যায়। একই দিনে হিঙ্গলগঞ্জ-এর বরুণহাট এলাকাতেও ট্রাকের ধাক্কায় এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে।

ক্ষতিগ্রস্ত গাড়ি ও অটো
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা
  • শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ ০৬:৪৬

উত্তর ২৪ পরগনার ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ গেল তিন জনের। মিনাখাঁ এলাকায় কলকাতা-বাসন্তী হাইওয়েতে বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটে। অটো ও একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে আরও এক জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মৃতদের পরিচয় এখনও জানা যায়নি। ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মিনাখাঁ গ্রামপঞ্চায়েত অফিসের কাছাকাছি এলাকায় একটি যাত্রীবোঝাই অটো ও একটি লাল রঙের প্রাইভেট গাড়ির মধ্যে সোজাসুজি ধাক্কা লাগে। সংঘর্ষের জেরে অটোটির অবস্থা ভয়াবহ ভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রায় দুমড়ে-মুচড়ে যায়। প্রাইভেট গাড়িটিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, সকালে রাস্তা তুলনামূলক ফাঁকা ছিল। তাই দুই গাড়িই দ্রুতগতিতে চলছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে মিনাখাঁ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। আহতদের দ্রুত উদ্ধার করে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক জনের মৃত্যু হয়। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে।

এ দিকে, একই দিনে হিঙ্গলগঞ্জের বরুণহাট এলাকায় আরও একটি পথ দুর্ঘটনা ঘটেছে। ট্রাকের ধাক্কায় এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাসন্তী হাইওয়েতে দীর্ঘদিন ধরেই বেপরোয়া গতিতে যানবাহন চলাচল করছে। তাঁদের দাবি, একের পর এক দুর্ঘটনা ঘটলেও নিরাপত্তা জোরদারে তেমন কোনও কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে না।


Share