Assembly Elections

নির্বাচনের আগে কড়া পুলিশি নজরদারি, সাফল্য নাকা তল্লাশিতে, রাজ্যের বিভিন্ন জেলায় উদ্ধার গাঁজা ও আগ্নেয়াস্ত্র

খড়্গপুর স্টেশন থেকে এক যুবকসহ প্রায় ১৩ কেজি গাঁজা উদ্ধার হয়েছে, পাশাপাশি মুর্শিদাবাদের সাগরদিঘিতে নাকা তল্লাশিতে ধরা পড়েছে বড় মাদক পাচারচক্র। পৃথক ঘটনায় আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

খড়্গপুরে উদ্ধার হওয়া মাদক- সহ এসআরপি মিতুন দে
নিজস্ব সংবাদদাতা, খড়্গপুর
  • শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৬ ০১:২৭

মঙ্গলবার পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা ও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। তার মধ্যে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর রেলওয়ে স্টেশন-এর ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে জিআরপি প্রায় ১৩ কেজি গাঁজা উদ্ধার করেছে। সামনে নির্বাচন। ভোটের বিষয়টিকে সামনে রেখেই রাজ্যজুড়ে নগদ টাকা ও মাদক পাচার রুখতে প্রশাসন কড়া নজরদারি চালাচ্ছে। একাধিক জেলায় পুলিশের তৎপরতায় পাচারচক্র ধরা পড়ছে। 

ঘটনায় গ্রেফতার করা হয়েছে আশিস কুমারকে (১৯)। সে বিহারের বাসিন্দা। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিনি ব্যাগ ও সুটকেসে ভরে মোট ১২ কেজি ৯৫০ গ্রাম গাঁজা নিয়ে ট্রেনের অপেক্ষায় ছিলেন। প্রাথমিক জেরায় জানা যায়, ওড়িশা থেকে ট্রেনে উঠে ঝাড়খণ্ডের টাটানগরে এই মাদক পাচারের পরিকল্পনা ছিল। ধৃতকে এদিনই আদালতে তোলা হচ্ছে।

অন্যদিকে, মুর্শিদাবাদের সাগরদিঘি এলাকায় নাকা তল্লাশি বড়সড় সাফল্য পেয়েছে । ডাক বিভাগের পার্সেল ভ্যানের আদলে একটি গাড়ি ব্যবহার করে পাচারকারীরা গাঁজা পাচারের চেষ্টা করছিল। মোড়গ্রামের কাছে ১২ নম্বর জাতীয় সড়কে তল্লাশি চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত ২'জন হলো গোবিন্দ সরকার ও অধীর মণ্ডল।। তাঁদের কাছ থেকে প্রায় ৬৭ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। তদন্তে জানা গিয়েছে, উত্তর-পূর্ব ভারত থেকে মাদক এনে কলকাতায় পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল। পুলিশের নজর এড়াতে গাড়িতে ডাক বিভাগের স্টিকার লাগানো হয়েছিল। গাঁজার বস্তায় জাল সরকারি সিল ও ট্যাগ ব্যবহার করা হয়েছিল। যাতে বাইরে থেকে সন্দেহ না হয়।

এদিকে, আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনাও সামনে এসেছে। সাহেবগঞ্জ থানার পুলিশ আবুতারা স্টেশন সংলগ্ন খারিজা বানিয়াদহ এলাকা থেকে অজয় দেবনাথ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। তাঁর কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। অস্ত্রটি কোথা থেকে এল এবং কী উদ্দেশ্যে তা ব্যবহার করা হত, তা খতিয়ে দেখছে পুলিশ।নির্বাচনের আগে এই ধরনের ধারাবাহিক অভিযানে পুলিশের নজরদারি যে আরও কড়া হয়েছে, তা স্পষ্ট বলেই মনে করছেন প্রশাসনিক মহল।


Share