Suicide

প্রাকৃতিক দুর্যোগে আলু চাষে ক্ষতি, ঋণের চাপে চাষির অস্বাভাবিক মৃত্যু মালদহতে

পরিবারের দাবি, ফসল নষ্ট ও ঋণের চাপে মানসিকভাবে ভেঙে পড়ে বিষ পান করেন বিপতী রাজবংশী (৬৩)। ঘটনায় শোকস্তব্ধ এলাকা। পুলিশ দেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৬ ০৯:০৮

প্রাকৃতিক দুর্যোগ ডেকে আনল আলু চাষে ব্যাপক ক্ষতি। তার জেরেই এক চাষির অস্বাভাবিক মৃত্যু। পুরাতন মালদহ ব্লকের মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের তেলিপুকুর এলাকায় ঘটনাটি ঘটেছে।

মৃত চাষির নাম বিপতী রাজবংশী (৬৩)। পরিবার সূত্রে জানা গিয়েছে, তিনি চার বিঘা জমি লিজ নিয়ে এবং এক বিঘা নিজস্ব জমিতে আলু চাষ করেছিলেন। চাষের জন্য তিনি মহাজনের কাছ থেকে ঋণও নিয়েছিলেন। অভিযোগ, গত দুদিনের প্রাকৃতিক দুর্যোগে তাঁর চাষের ব্যাপক ক্ষতি হয়। ফলে তিনি গভীর দুশ্চিন্তায় পড়ে যান। পরিবারের দাবি, সেই মানসিক চাপ বিপতি সহ্য করতে পারেননি। ফলে তিনি বিষ পান করে আত্মহত্যা করেন।

পরিবারের সদস্যরা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। যদিও ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঘটনার খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। পরিবারের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।


Share