Election Commission

নির্বাচনে চুক্তিভিত্তিক কর্মী নয়, কড়া নির্দেশ নির্বাচন কমিশনের, ৩০ মার্চের মধ্যে জেলাগুলিকে সার্টিফিকেট জমার নির্দেশ

নির্দেশিকায় বলা হয়েছে, নির্বাচন পরিচালনার পুরো প্রক্রিয়া নির্দিষ্ট আইনি কাঠামোর মধ্যেই সম্পন্ন করতে হবে। সেই অনুযায়ী, শুধুমাত্র স্থায়ী সরকারি কর্মী বা কেন্দ্রীয় সরকারি সংস্থার কর্মীদের নিয়েই পোলিং পার্সোনেলের তালিকা তৈরি করতে হবে।

নির্বাচন কমিশন
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৬ ০১:০৮

আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতির মধ্যে ভোটের কাজে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের প্রশ্নে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারীকের দফতর থেকে জেলার নির্বাচন আধিকারিকদের স্পষ্ট জানানো হয়েছে, কোনও অবস্থাতেই কনট্রাকচুয়াল কর্মী বা অঙ্গনওয়াড়ি কর্মীদের ভোট পরিচালনার দায়িত্বে রাখা যাবে না।

নির্দেশিকায় বলা হয়েছে, নির্বাচন পরিচালনার পুরো প্রক্রিয়া নির্দিষ্ট আইনি কাঠামোর মধ্যেই সম্পন্ন করতে হবে। সেই অনুযায়ী, শুধুমাত্র স্থায়ী সরকারি কর্মী বা কেন্দ্রীয় সরকারি সংস্থার কর্মীদের নিয়েই পোলিং পার্সোনেলের তালিকা তৈরি করতে হবে। কমিশনের আগের নির্দেশিকা ও চেকলিস্টেও একই অবস্থান স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।

নির্বাচন দফতরের পর্যবেক্ষণ, চুক্তিভিত্তিক কর্মীদের ভোটকর্মীর তালিকায় অন্তর্ভুক্ত করা হলে তা গুরুতর নিয়মভঙ্গ হিসেবে বিবেচিত হবে এবং অবাধ ও নিরপেক্ষ নির্বাচন প্রক্রিয়া প্রশ্নের মুখে পড়তে পারে। অতীতে এ ধরনের নিয়োগ নিয়ে আদালতের আপত্তি ও পর্যবেক্ষণের কথাও স্মরণ করানো হয়েছে।

সব জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, নতুন করে পোলিং পার্সোনেলের পৃথক তালিকা প্রস্তুত করতে এবং লিখিতভাবে নিশ্চিত করতে যে সেখানে কোনও চুক্তিভিত্তিক কর্মীর নাম নেই। আগামী ৩০ মার্চের মধ্যে এই মর্মে সার্টিফিকেট জমা দিতে হবে।

প্রশাসনিক মহলের মতে, ভোটের আগে এই নির্দেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতেই কমিশনের এই পদক্ষেপ। 


Share