Recovery of Illegal Money

বাঁকুড়ায় নাকা চেকিংয়ে গাড়ি থেকে উদ্ধার তিন লক্ষ টাকা, উৎস খুঁজতে তদন্তে পুলিশ

টাকার উৎস এখনও স্পষ্ট নয়, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জেলার বিভিন্ন এলাকায় জোরদার তল্লাশি ও নজরদারি চলছে। পুলিশ জানিয়েছে, বৈধ নথি না দেখাতে পারলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নাকা চেকিংয়ে তৎপর পুলিশ
নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া
  • শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৬ ০৪:১১

রবিবার জয়পুর থানার অন্তর্গত বিষ্ণুপুর-আরামবাগ রাজ্য সড়কে নিয়মিত তল্লাশি চলে। আর তখনই একটি গাড়ি থেকে নগদ প্রায় তিন লক্ষ টাকা উদ্ধার হয়। ২০২৬- এ বিধানসভা নির্বাচন। ভোট ঘোষণার পর থেকেই বাঁকুড়া জেলায় কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নাকা চেকিং জোরদার করা হয়েছে। যাতে কোনও রকম বেআইনি কার্যকলাপ না ঘটে। যাতে আগেভাগেই কোনো রকম অশান্তির আশঙ্কা রুখে দেওয়া যায়।

 পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই টাকার সঠিক উৎস সম্পর্কে এখনও স্পষ্ট কোনও তথ্য মেলেনি। ঘটনার পরই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। বর্তমানে জেলার বিভিন্ন থানা এলাকায় কড়া নজরদারি চালানো হচ্ছে। গুরুত্বপূর্ণ মোড় ও চেকিং সিসিটিভি ক্যামেরা পয়েন্টগুলোতে বসানো হয়েছে। বিষ্ণুপুর মহকুমা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ উদ্যোগে ছোট-বড় সব ধরনের গাড়ি থামিয়ে বিস্তারিত তল্লাশি করা হচ্ছে। শুধু তাই নয়, চালক ও যাত্রীদের পরিচয়পত্র যাচাইয়ের পাশাপাশি প্রয়োজনীয় নথিও খতিয়ে দেখা হচ্ছে।বিশেষ করে জঙ্গলঘেরা ও তুলনামূলক নির্জন রাস্তাগুলিতে রাতের সময় নজরদারি আরও বাড়ানো হয়েছে। 

প্রশাসনের তরফে জানানো হয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনও বেআইনি লেনদেন বা অশান্তি না ছড়ায়, তার জন্যই এই কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। উদ্ধার হওয়া টাকা ইতিমধ্যেই পুলিশের তরফে বাজেয়াপ্ত করা হয়েছে। গাড়ির চালক ও যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গাড়ির মালিক টাকার বৈধ নথিপত্র দেখাতে না পারলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেই জানানো হয়েছে। বিষ্ণুপুরের মহকুমা পুলিশ আধিকারিক মৈনাক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু করতে জেলার প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে নাকা চেকিং চালানো হচ্ছে। আগামী দিনেও এই অভিযান জারি থাকবে।”


Share