Thread of Bomb Blast

মোদী-অমিত শাহকে খুনের হুমকি! দিল্লি বিধানসভায় ই-মেলে বোমা আতঙ্ক

স্পিকারের দফতর সূত্রে খবর, হুমকি বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, লেফটেন্যান্ট গভর্নর তরণজিৎ সিং সান্ধু এবং মন্ত্রী মনজিন্দর সিং সিরসার নাম উল্লেখ করে তাঁদের গুরুতর ক্ষতির হুমকি দেওয়া হয়েছে।

অমিত শাহ ও নরেন্দ্র মোদী
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৬ ০১:০৮

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা একাধিক শীর্ষ নেতৃত্বকে প্রাণনাশের হুমকি দিয়ে ই-মেল। এই পাঠানো হয়েছে দিল্লি বিধানসভার স্পিকারের দফতরে। মঙ্গলবার সকালে স্পিকার বিজেন্দ্র গুপ্তের সরকারি ই-মেল আইডিতে পরপর দু’টি হুমকি বার্তা পৌঁছোয়। ওই ই-মেলে শুধু শীর্ষ প্রশাসনিক ব্যক্তিত্বদেরই নয়, দিল্লি বিধানসভা ভবন এবং তার সংলগ্ন মেট্রো স্টেশনেও বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে রাজধানীজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। এর ফলে নিরাপত্তা জোরদার করা হয়েছে, জারি হয়েছে হাই অ্যালার্ট। সম্ভাব্য সমস্ত এলাকায় পুলিশ তল্লাশি চালাচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথম হুমকি ই-মেলটি আসে সকাল সাতটা ২৮ মিনিটে এবং দ্বিতীয়টি সাতটা ৪৯ মিনিটে। ই-মেলের ভাষ্য অনুযায়ী, এক খালিস্তানি জঙ্গি গোষ্ঠী হামলার ছক কষছে বলে দাবি করা হয়েছে।

স্পিকারের দফতর সূত্রে খবর, হুমকি বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, লেফটেন্যান্ট গভর্নর তরণজিৎ সিং সান্ধু এবং মন্ত্রী মনজিন্দর সিং সিরসার নাম উল্লেখ করে তাঁদের গুরুতর ক্ষতির হুমকি দেওয়া হয়েছে।


প্রসঙ্গত, এ দিন বিধানসভায় মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার বাজেট অধিবেশনে বক্তব্য রাখার কথা ছিল। ফলত সকালেই এই হুমকি আসায় বিধানসভা চত্বরে নিরাপত্তা আরও জোরদার করা হয়। তল্লাশি চালাতে একটি স্নিফার ডগ স্কোয়াড পাঠানো হয়, যাতে পুরো এলাকা পরীক্ষা করে নিরাপত্তা নিশ্চিত করা যায়। কোথা থেকে এসেছে এই হুমকি মেল তা খুঁজে বের করতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। তবে বোমা হামলার হুমকি মেল নতুন কিছু নয়। একাধিক স্কুলেও সাম্প্রতিক সময়ে বোমা বিস্ফোরণের হুমকি দিয়ে মেল পাঠানো হয়েছিল।

উল্লেখ্য, বিধানসভা চত্বরে সন্দেহজনক কিছু না মেলায় এবং সুরক্ষা নিশ্চিত হতেই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা সূচি মতোই বিধানসভায় বক্তব্য রাখেন। তিনি ‘বিকশিত দিল্লি, হরিৎ দিল্লি’-র লক্ষ্যে বাজেট পেশ করেন। তাঁর কথায়, এই বাজেট প্রায় ৩ কোটি দিল্লিবাসীর স্বপ্ন পূরণের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে উঠবে।


Share