Airbase Spy Busted

বায়ুসেনার গোপন তথ্য পাকিস্তানে পাচার! অসম ঘাঁটি থেকে গ্রেফতার অসামরিক কর্মী সুমিত

তদন্তের শুরু চলতি বছরের জানুয়ারিতে, জয়সলমির থেকে ঝাবরা রাম নামে এক ব্যক্তিকে আটক করার পর। জেরার সময় অতিরিক্ত ডিরেক্টর জেনারেল (ইন্টেলিজেন্স) প্রফুল্ল কুমারের কাছে উঠে আসে, বায়ুসেনার এক কর্মীর সঙ্গে পাকিস্তানি হ্যান্ডলারদের সরাসরি যোগাযোগ রয়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, রাজস্থান
  • শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৬ ০৪:৫২

ভারতীয় বায়ুসেনার গোপন ও স্পর্শকাতর প্রতিরক্ষা-সংক্রান্ত তথ্য পাকিস্তানের হাতে পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে বায়ুসেনার এক অসামরিক কর্মীকে। ভারতীয় বায়ুসেনার গোয়েন্দা বিভাগ এবং রাজস্থান পুলিশের ইন্টেলিজেন্স শাখার যৌথ অভিযানে ধরা পড়েন সুমিত কুমার নামে ওই ব্যক্তি। ৩৬ বছর বয়সী সুমিতের বাড়ি প্রয়াগরাজে হলেও তিনি চাবুয়া বায়ুসেনার ঘাঁটিতে ‘মাল্টি টাস্কিং স্টাফ’ হিসেবে কর্মরত ছিলেন। তদন্তকারীদের দাবি, এই গ্রেফতারির সূত্র ধরে দেশের ভিতরে সক্রিয় একটি বড় বিদেশি গুপ্তচরচক্রের ইঙ্গিত মিলেছে।

তদন্তের শুরু চলতি বছরের জানুয়ারিতে, জয়সলমির থেকে ঝাবরা রাম নামে এক ব্যক্তিকে আটক করার পর। জেরার সময় অতিরিক্ত ডিরেক্টর জেনারেল (ইন্টেলিজেন্স) প্রফুল্ল কুমারের কাছে উঠে আসে, বায়ুসেনার এক কর্মীর সঙ্গে পাকিস্তানি হ্যান্ডলারদের সরাসরি যোগাযোগ রয়েছে। সেই সূত্রে তদন্ত এগোতে থাকলে সুমিত কুমারের নাম সামনে আসে। দীর্ঘদিন নজরদারির পর গোয়েন্দারা জানতে পারেন, ২০২৩ সাল থেকেই তিনি নিয়মিতভাবে শত্রুদেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ রাখছিলেন এবং অর্থের বিনিময়ে সামরিক তথ্য পাচার করছিলেন।

প্রাথমিক তদন্তে অভিযোগ, সুমিত চাবুয়া এবং বিকানেরের নাল বায়ুসেনা ঘাঁটির অবস্থান, সেখানে মোতায়েন থাকা যুদ্ধবিমান ও মিসাইল সিস্টেমের বিশদ বিবরণ এবং বায়ুসেনার উচ্চপদস্থ আধিকারিকদের ব্যক্তিগত তথ্য পাচার করেছেন। এছাড়া নিজের নামে নিবন্ধিত মোবাইল নম্বর ব্যবহার করে পাকিস্তানি হ্যান্ডলারদের জন্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি করে দেওয়ার অভিযোগও উঠেছে।

গত ২২ মার্চ সুমিতকে গ্রেফতার করে জয়পুরের বিশেষ থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট, ১৯২৩ এবং ভারতীয় ন্যায় সংহিতা, ২০২৩-এর একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। গোয়েন্দারা এখন খতিয়ে দেখছেন, এই চক্রে আর কারা জড়িত এবং দেশের বিভিন্ন প্রান্তে এর বিস্তার কতদূর পৌঁছেছে। 


Share