Assembly Election

গণনা কেন্দ্রের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন পুলিশ কমিশনার, পুলিশ কর্মীদের বুঝিয়ে দিলেন দায়িত্ব

রাজ‍্যে দু’ফায় নির্বাচন হয়েছে। শেষ দফার ভোট হয়েছে গত ২৯ এপ্রিল। সেই দফায় কলকাতার বিধানসভার আসনগুলিও ছিল। সেই দিন বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ছাড়া সম্পূর্ণ শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে।

কলকাতা পুলিশের কমিশনার অজয়কুমার নন্দ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৩ মে ২০২৬ ০৬:৫৭

সব গণনা কেন্দ্রেই ত্রিস্তরীয় নিরাপত্তা রেখেছে নির্বাচন কমিশন। সেই প্রস্তুতি কতদূর তা খতিয়ে দেখতে কর্তব্যরত পুলিশকর্মীদের সঙ্গে বৈঠক করেন কলকাতা পুলিশের কমিশনার অজয়কুমার নন্দ। নিরাপত্তা ব্যবস্থা ঠিকঠাক আছে কি না, কোথায় অসুবিধা হচ্ছে তা বিস্তারিত ভাবে পর্যালোচনা করা হয়। গুরুত্বপূর্ণ নির্দেশও তিনি দিয়েছেন। 

কলকাতা পুলিশ সূত্রের খবর, বৈঠকে পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও আলোচনা হয়েছে। গণনা কেন্দ্রের ভিতর এবং বাইরে নিরাপত্তা আরও জোরদার করতে একাধিক নির্দেশও দিয়েছেন। জানানো হয়েছে, কোনও গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে দলীয় সমর্থকদের প্রবেশের অনুমতি থাকবে না। অবাঞ্চিত ভিড় কীভাবে হটানো হবে তা নিয়েও পুলিশের তরফে প্রস্তুতি নেওয়া হয়েছে। এ ছাড়াও, বেশ কিছু গণনা কেন্দ্রের সামনে যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হতে পারে বলেও জানা গিয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশ অক্ষরে অক্ষরে যাতে পালন করা হয় তা নিশ্চিত করতেও বলেছেন পুলিশ কমিশনার অজয়কুমার নন্দ।

রবিবার দুপুরে পুলিশ কমিশনার অজয়কুমার নন্দ যাদবপুরের আচার্য প্রফুল্লচন্দ্র কলেজের গণনা কেন্দ্রও পরিদর্শন করেছেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ) সোমা দাসমিত্র এবং ডেপুটি কমিশনার (দক্ষিণ শহরতলি) চারু শর্মা। কলকাতা পুলিশ শীর্ষ আধিকারিকেরাও এই বৈঠকে উপস্থিত ছিলেন। এই পরিদর্শনে নিরাপত্তা ব্যবস্থার খুঁটিনাটি খতিয়ে দেখা হয়। 

কলকাতা পুলিশের কমিশনার অজয়কুমার নন্দ বলেন, “আগামী কী ভাবে ডিউটি করতে হবে, কাদের ভিতরে ঢোকার অনুমতি আছে, সিএপিএফজ-পুলিশের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে। দলীয় সমর্থকেরা ২০০ মিটারের বাইরে থাকবেন। নির্দিষ্ট গাইডলাইন রয়েছে। তা সকলকেই মেনে চলতে হবে।”

রাজ‍্যে দু’ফায় নির্বাচন হয়েছে। শেষ দফার ভোট হয়েছে গত ২৯ এপ্রিল। সেই দফায় কলকাতার বিধানসভার আসনগুলিও ছিল। সেই দিন বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ছাড়া সম্পূর্ণ শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। এ বার গণনার দিনও যাতে কোনও অশান্তি বা অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তা নিয়ে তৎপর কলকাতা পুলিশ।


Share