Assembly Election

ভোটগণনায় কড়া গোপনীয়তা, কর্মীদের মোবাইল নম্বর ফাঁস হলেই কঠোর ব্যবস্থা, নির্বাচন কমিশনের নির্দেশে বাড়তি নজরদারি

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর সূত্রে জানা গিয়েছে, নিয়ম অনুযায়ী শুধুমাত্র পর্যবেক্ষক ও রিটার্নিং অফিসাররাই গণনাকক্ষে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৩ মে ২০২৬ ০৮:৫৬

ভোটগণনা কর্মীদের মোবাইল নম্বর কোনও ভাবেই প্রকাশ করা যাবে না, এই মর্মে কড়া নির্দেশ দিল নির্বাচন কমিশন। নম্বর ফাঁস হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও জেলা নির্বাচনী আধিকারিকদের জানানো হয়েছে।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর সূত্রে জানা গিয়েছে, নিয়ম অনুযায়ী শুধুমাত্র পর্যবেক্ষক ও রিটার্নিং অফিসাররাই গণনাকক্ষে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন। অন্য কোনও ব্যক্তি মোবাইল নিয়ে ঢুকতে পারবেন না। তবুও, গণনায় যুক্ত কোনও কর্মীর মোবাইল নম্বর যাতে বাইরে না আসে, তা নিশ্চিত করতে বিশেষভাবে সতর্ক কমিশন।

ফলাফল নথিভুক্ত করা হবে ফর্ম-১৭সি-টু-তে, যা প্রস্তুত করবেন কাউন্টিং সুপারভাইজর। উপস্থিত কাউন্টিং এজেন্টরা তাতে সই করবেন। পাশাপাশি প্রতিটি টেবিলে থাকা মাইক্রো অবজা
র্ভারদেরও আলাদা করে ফলাফল নথিবদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিটি গণনাকেন্দ্রের জন্য একজন করে পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। সব মিলিয়ে ৭৭ জন পুলিশ পর্যবেক্ষক থাকবেন, যাঁদের দায়িত্ব হবে কেন্দ্রের বাইরে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখা। কমিশন স্পষ্ট জানিয়েছে, কোনও অবস্থাতেই তাঁরা গণনাকক্ষের ভিতরে প্রবেশ করতে পারবেন না; তবে অন্যান্য নির্বাচনী কর্মীদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবেন।

উল্লেখ্য, সোমবার পশ্চিমবঙ্গের ২৯৩টি আসনে (ফলতা বাদে) ভোট গণনা হবে। এই প্রক্রিয়ায় সহায়তার জন্য কমিশন গণনা পর্যবেক্ষকও নিয়োগ করেছে, যাঁরা গণনার পাশাপাশি সামগ্রিক পরিস্থিতির ওপর নজর রাখবেন।


Share