Assembly Election

ভোট গণনার আগে ক্যানিংয়ে বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ, জখম একাধিক বিজেপি কর্মী, অস্বীকার তৃণমূলের

খবর পেয়ে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছোয়। তাঁরাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় তদন্ত শুরু করে। বিজেপির অভিযোগ, আসন্ন ভোট গণনার আগে ভয় দেখিয়ে তাঁদের কর্মীদের সরিয়ে দিতেই এই হামলা চালানো হয়েছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, ক্যানিং
  • শেষ আপডেট: ০৩ মে ২০২৬ ০৭:২৭

ভোট গণনার আগে উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং। অভিযোগ, শনিবার রাতে এক বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে হামলা চালানো হয়েছে। বাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। ক্যানিং পশ্চিম বিধানসভার ইটখোলা অঞ্চলের মধুখালী এলাকায় ঘটনাটি ঘটেছে। 

অভিযোগ, শনিবার গভীর রাতে স্থানীয় তৃণমূল নেতা ইন্দ্রজিৎ সর্দারের নেতৃত্বে একদল দুষ্কৃতীদের নিয়ে বিজেপি কর্মীদের বাড়িতে হামলা চালায়। লাঠি ও রড দিয়ে বেধড়ক মারধর করে। তার পাশাপাশি বাড়ির ভিতরে ব্যাপক ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। এমনকী, স্থানীয়দের একাংশের দাবি, আতঙ্ক ছড়াতে শূন্যে গুলিও চালানো হয়েছে। 

এই হামলার ঘটনায় মহিলা-সহ একাধিক বিজেপি কর্মী জখম হয়েছেন। গুরুতর জখমদের মধ্যে রয়েছেন, দীপিকা নস্কর ও কবিরকৃষ্ণ হালদার। তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আক্রান্তদের অভিযোগ, হামলাকারীরা বন্দুকের বাঁট দিয়েও মারধর করেছে। আগামী ৪ মের পর দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। 

ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছোয়। তাঁরাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় তদন্ত শুরু করে। বিজেপির অভিযোগ, আসন্ন ভোট গণনার আগে ভয় দেখিয়ে তাঁদের কর্মীদের সরিয়ে দিতেই এই হামলা চালানো হয়েছে। যদিও তৃণমূল কংগ্রেসের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযোগগুলি খতিয়ে দেখা হচ্ছে। গুলি চালানোর বিষয়টি এখনও নিশ্চিত নয়।


Share