Narendra Modi

মহিলা ভোটে নজর বিজেপির, ‘অন্নপূর্ণা ভাণ্ডারের প্রতিশ্রুতি, ভোটের দিনে বাংলায় বার্তা প্রধানমন্ত্রীর

এক্স হ্যান্ডেলে মোদী লিখেছেন, ‘সমস্ত নাগরিককে পূর্ণ উদ্যমে গণতন্ত্রের এই উৎসবে অংশগ্রহণ করার আহ্বান জানাই।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ১০:৪৪

বাংলার বিধানসভা নির্বাচনে মহিলা ভোটারদের উপর বিশেষ জোর দিচ্ছে বিজেপি। রাজ্যের ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর পাল্টা হিসেবে তারা ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ চালুর প্রতিশ্রুতি দিয়েছে। প্রথম দফার ভোটের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী  মহিলা ভোটারদের বেশি সংখ্যায় ভোটদানের আহ্বান জানান। পাশাপাশি, তরুণ ভোটারদেরও গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নেওয়ার অনুরোধ করেন তিনি।

সকাল সাতটা থেকে শুরু হয়েছে প্রথম দফার ভোটগ্রহণ, আর ধীরে ধীরে বুথগুলিতে ভিড় বাড়ছে। এক্স হ্যান্ডেলে মোদী লিখেছেন, ‘সমস্ত নাগরিককে পূর্ণ উদ্যমে গণতন্ত্রের এই উৎসবে অংশগ্রহণ করার আহ্বান জানাই।’ এর পরেই যুবসমাজ এবং মহিলাদের উদ্দেশ্যে তাঁর আহ্বান, ‘বিশেষ ভাবে তরুণ বন্ধুদের এবং পশ্চিমবঙ্গের মহিলাদের বিপুল সংখ্যায় ভোট দেওয়ার অনুরোধ করছি।’

এই দফায় রাজ্যের ১৬টি জেলার ১৫২টি আসনে ভোটগ্রহণ চলছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মোট ৪৪ হাজার ৩৭৬টি বুথে ভোট হচ্ছে এবং প্রতিদ্বন্দ্বিতা করছেন এক হাজার ৪৭৮ জন প্রার্থী, যার মধ্যে ১৬৭ জন মহিলা।

কমিশন আরও জানিয়েছে, আয়তনের দিক থেকে সবচেয়ে ছোট বিধানসভা কেন্দ্র শিলিগুড়ি, আর সবচেয়ে বড় কালিম্পং। ভোটার সংখ্যার হিসেবে সবচেয়ে ছোট কেন্দ্র মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এবং সবচেয়ে বড় পশ্চিম মেদিনীপুরের দাসপুর।


Share