Assembly Election

‘ভোট কেমন হচ্ছে’, তিন ঘন্টা দলের ওয়ার রুমে বসে রিপোর্ট নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ

বিজেপির এক নেতার কথায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেই ওয়ার রুমে বসে নির্বাচন প্রক্রিয়া সরেজমিনে খতিয়ে দেখেছেন। যে ভাবে নির্বাচন হচ্ছে তাতে তিনি খুশি। বিজেপির ওয়ার রুম থেকে রিপোর্ট নিয়েছেন। নির্দেশও দিয়েছেন।

রাজ‍্য দফতর থেকে বেরিয়ে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ০৩:৪৪

তিনি বলেছিলেন। কথা রাখলেন। ভোট পশ্চিমবঙ্গে নির্বাচন কেমন হচ্ছে তা নিজেই দেখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই প্রথম ভোটগ্রহণের দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ প্রায় চার ঘণ্টা রাজ‍্য বিজেপির ওয়ার রুমে থাকলেন। ভোট কেমন চলছে তা বিস্তারিত রিপোর্ট তিনি নিলেন।

বৃহস্পতিবার ১৫২টি আসনে বিধানসভা নির্বাচন চলছে। উত্তরবঙ্গ-সহ রাঢ়বঙ্গে যে সমস্ত আসনে নির্বাচন হচ্ছে, বিগত ২০২১ সালের নির্বাচনে সেখানকার বেশিরভাগ কেন্দ্রেই পদ্মফুল ফুটেছিল। এ বারের নির্বাচনের সময় রাজ্যেই থাকবেন বলে জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার সেই মতো সকাল বেলাই বিজেপির দলীয় কার্যালয়ে হাজির হন। সকাল ১০টা ২০ মিনিট নাগাদ তিনি সল্টলেকের বিজেপির দলীয় কার্যালয় আসেন। তিন ঘন্টার বেশি সময় দলীয় কার্যালয়ে ছিলেন তিনি। তার পরে ১টা ৩৮ মিনিট নাগাদ দলীয় কর্মসূচিতে বেরিয়ে যান। বেরিয়ে যাওয়ার সময় বেশ খুশি দেখাচ্ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। 

এ দিন বিজেপির কার্যালয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বেশীরভাগ সময় দলের ওয়ার রুমেই কাটিয়েছেন। বেশ কয়েকটি জায়গায় বিজেপির নেতা-কর্মীদের ওপর হামলা ঘটেছে। বিজেপি সূত্রের খবর, তা নিয়ে বিস্তারিত রিপোর্ট নিয়েছেন। কোন কেন্দ্রে কী সমস্যা হচ্ছে তা-ও জানতে চান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই মতো কী পদক্ষেপ করতে হবে তা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ নির্দেশও দিয়েছেন।

তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মতো বিজেপির শীর্ষ নেতা কোনও নির্বাচনের সময় রাজ‍্যে থেকে ভোট প্রক্রিয়া ওয়ার রুমে বসে দেখেছেন, তা কেউ মনে করতে পারছেন না। দুপুর ১টা পর্যন্ত ভোটদানের হার ৬২.১৮ শতাংশ। এখনও পর্যন্ত ঝাড়গ্রামে সবচেয়ে বেশি ভোট পড়েছে। ওই জেলার ভোটদানের হার প্রায় ৬৬ শতাংশ।

বিজেপির এক নেতার কথায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেই ওয়ার রুমে বসে নির্বাচন প্রক্রিয়া সরেজমিনে খতিয়ে দেখেছেন। যে ভাবে নির্বাচন হচ্ছে তাতে তিনি খুশি। বিজেপির ওয়ার রুম থেকে রিপোর্ট নিয়েছেন। নির্দেশও দিয়েছেন।


Share