Assembly Election

কুমারগঞ্জে বিজেপি প্রার্থীর উপর হামলা, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলল নির্বাচন কমিশন

ঘটনায় প্রকাশ্যে আসা ছবিতে যাঁদের দেখা গিয়েছে, তাঁদের গ্রেফতারের নির্দেশ দিয়েছে সিইও দফতর।

বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার
অরুণিমা কর্মকার, বালুরঘাট
  • শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ০১:২২

কুমারগঞ্জে বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারের উপর হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে গ্রামের মধ্যে তাঁকে ঘিরে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় প্রকাশ্যে আসা ছবিতে যাঁদের দেখা গিয়েছে, তাঁদের গ্রেফতারের নির্দেশ দিয়েছে সিইও দফতর। পুলিশি প্রহরায় এলাকা ছাড়াতে বাধ্য হন শুভেন্দু।

বিজেপি সূত্রের খবর, ঘটনার বিস্তারিত জেলা নির্বাচনী আধিকারিক এবং জেলা পুলিশ সুপারকে জানানো হয়েছিল। ঘটনার রিপোর্ট তলব করেছিল নির্বাচন কমিশন। এ বার সেই ঘটনার কড়া পদক্ষেপ করতে চলেছে কমিশন। কমিশন সূত্রের খবর, জড়িতদের বিরুদ্ধে ব‍্যবস্থা নিতে বলা হয়েছে। প্রয়োজন গ্রেফতার করতেও নির্দেশ দেওয়া হয়েছে।

 

বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার অভিযোগ করেন, ওই চত্বরে তৃণমূল কর্মী-সমর্থকরা ভোটারদের প্রভাবিত করছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে যান তিনি। তারপর তাঁকে সেখান থেকে মারধর করে বের করে দেওয়া হয়। এ নিয়ে পুলিশ কমিশনে অভিযোগ দায়ের করে। অন্য দিকে বিজেপি প্রার্থী জানান, কমিশনের কাছে জেলা পুলিশ সুপারের বিরুদ্ধেও অভিযোগ জানাতে চলেছেন তিনি। ঘটনার সময় প্রার্থীর এই নিরাপত্তা সংকটে জেলা প্রশাসনের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাঁদের দাবি, হামলার সময় দেখা মেলেনি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের, এমনকি কুইক রেসপন্স টিমও সময়মতো পৌঁছোয়নি।

এ নিয়ে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, ‘আমরা খবর, ভিজ্যুয়াল দুই পেয়েছি। আমি এ টুকু শুধু বলব বিজেপির সরকার তৈরি হচ্ছে। যারা মেরেছে, তাদের ছবি স্পষ্ট দেখা যাচ্ছে ভিডিয়োতে। পুলিশ তাদের কী করবে জানি না। তবে আমি পার্সোনালি দেখব ওরা কত মস্তানি করতে পারে।’


Share