UCC Bill

‘শুনে রাখুন, রাজ‍্যে ইউসিসি কার্যকর হবেই,’ স্পষ্ট জানিয়ে দিয়ে কমিটি গঠনের সিদ্ধান্তের কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা দেশাই এই কমিটিতে থাকবেন। তিনি এই কমিটির চেয়ারপার্সন হবেন। এর সঙ্গে কমিটিতে থাকবেন— এক জন অবসরপ্রাপ্ত আইএএস অফিসার, একজন আইনজীবী, একজন সমাজকর্মী, একজন অতিরিক্ত সচিব পদমর্যাদার আধিকারিক।

রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৯ জুন ২০২৬ ১১:২৭

রাজ‍্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হবেই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথায়, এক রাজ‍্যে দু’ধরনের আইন চলতে পারে না। এ ছাড়াও, বিজেপি নির্বাচনী সংকল্পপত্রে রাজ‍্যবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিল। তাই এই সরকার কথা রাখবে। এই বিলের খসড়া তৈরির জন‍্য একটি কমিটিও তৈরি করে দিয়েছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সুপ্রিম কোর্টের এক প্রাক্তন বিচারপতির নেতৃত্বে এই কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির যা সুপারিশ করবেন, সেই অনুযায়ী বিল তৈরি করা হবে।

সোমবার অভিন্ন দেওয়ানি আইন রাজ্যে কার্যকর করা নিয়ে বিধানসভায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী ২ অগাস্ট রাজ‍্যের মন্ত্রিসভার বৈঠক রয়েছে। সেই বৈঠকে এই অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বিলের খসড়া রাজ‍্য সরকার আনতে চলেছে। রাজ‍্যে কীভাবে এই বিধি চালু করা হবে, তা-ও জানিয়েছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, গুজরাত অভিন্ন দেওয়ানি বিধি বিল ২০২৬, অসম অভিন্ন দেওয়ানি বিধি বিল ২০২৬ এবং উত্তরাখণ্ড অভিন্ন দেওয়ানি বিধি বিল ২০২৪ রয়েছে। সেই আইনকে ভিত্তি করেই এ রাজ‍্যে জন‍্য তৈরি করা হবে। তবে আদিবাসী, মূলবাসী, কু্র্মী— যাঁরা প্রাচীন কাল থেকে এ রাজ‍্যে রয়েছেন, তাঁরা এই আইনের বাইরে থাকবেন। 

এই আইন তৈরি করার জন্য একটি কমিটি গঠন করে দেওয়ার কথাও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা দেশাই এই কমিটিতে থাকবেন। তিনি এই কমিটির চেয়ারপার্সন হবেন। এর সঙ্গে কমিটিতে থাকবেন— এক জন অবসরপ্রাপ্ত আইএএস অফিসার, একজন আইনজীবী, একজন সমাজকর্মী, একজন অতিরিক্ত সচিব পদমর্যাদার আধিকারিক। তাঁরা বিভিন্ন সম্প্রদায়ের পার্সোনাল আইন, পারিবারিক আইন সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ‍্য সরকারকে দেবেন। তাঁরা এ-ও দেখবেন, বিভিন্ন সম্প্রদায়ের মধ‍্যে বিবাহ, বিচ্ছেদ, খোরপোষ সংক্রান্ত কী আইন রয়েছে। মোট সাত থেকে আটটি বিষয়ের ওপর কমিটি বিস্তারিত রিপোর্ট সরকারের কাছে পেশ করবেন। এই কাজের জন্য নতুন কমিটিকে চার সপ্তাহ সময় বেধে দেওয়া হয়েছে। অগাস্ট মাসে এই কমিটির সুপারিশ গ্রহণ করে অভিন্ন দেওয়ানি বিলের খসড়া তৈরি করা হবে। এই বিল তার পরে রাজ‍্যে কার্যকর হবে। এ ক্ষেত্রে বিরোধীদের যদি কোনও বক্তব্য বা আপত্তি থাকে তাহলে এই কমিটির কাছেই জমা দিতে হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মুখ্যমন্ত্রীর বক্তব্য, একই রাজ্যে একটা আইন চলবে। ধর্মের ভিত্তিতে দু’ধরনের আইন চলবে না। বিজেপির সংকল্পপত্রে রাজ‍্যে অভিন্ন দেওয়ানি আইনের কথা বলা ছিল। শ‍্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথা উল্লেখ করে তিনি জানান,  “তিনি বলেছিলেন, এক দেশ, এক বিধান, এক নিশান।  কথা জানিয়েছিলেন। আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমরা সংকল্পপত্রে লিখেছি। অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হবে, হবে, হবে। আমরাও রাজ‍্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করব।”


Share