Road Accident

রথের মেলা থেকে ফেরার পথে দুর্ঘটনা, বাগদায় গাছে ধাক্কা লেগে প্রাণ গেল দুই বন্ধুর

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, দুর্ঘটনার সময় বাইকটি চালাচ্ছিলেন নিতাই দেবনাথ। দুই যুবকের কারও মাথায় হেলমেট ছিল না।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা
  • শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৬ ০২:৩৫

 

রথের মেলা দেখতে গিয়ে বিপত্তি। মেলা থেকে বাড়ি ফেরার পথে বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই বন্ধু। শুক্রবার গভীর রাতে উত্তর ২৪ পরগনার বাগদা থানার দুর্গাপুর মোড়ে এই দুর্ঘটনা ঘটে। মৃত দুই যুবকের নাম নিতাই দেবনাথ (১৯) ও আজিজ বিশ্বাস (১৯)। নিতাইয়ের বাড়ি বাগদা ব্লকের করঙ্গ টালিখোলা এলাকায়। আজিজের বাড়ি করঙ্গ বটতলায়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছোটবেলাতেই নিতাই তাঁর বাবাকে হারান। পরে তাঁর মা-ও বাড়ি ছেড়ে চলে যান। এরপর থেকেই দাদু-দিদিমার কাছেই তিনি বড় হয়ে ওঠেন। জীবিকার তাগিদে নিতাই আন্দামানের একটি গ্যারাজে কাজ করতেন। প্রায় এক সপ্তাহ আগে তিনি বাড়ি ফিরেছিলেন। অন্য দিকে, আজিজ বিশ্বাস বেঙ্গালুরুতে কর্মরত ছিলেন। তিনিও কয়েক দিন আগে বাড়িতে আসেন।

শুক্রবার সন্ধ্যায় দুই বন্ধু বাইকে করে বনগাঁর গাড়াপোতা গ্রামের রথের মেলায় গিয়েছিলেন। রাতের দিকে মেলা থেকে ফেরার সময় কোনিয়ারা এলাকার বাগদা রাজ্য সড়কের দুর্গাপুর মোড়ের কাছে আচমকাই বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। রাস্তার ধারে একটি কদম গাছে ধাক্কা মারে। দুর্ঘটনার অভিঘাত এতটাই প্রবল ছিল যে ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়।

আজিজের পরিবারের দাবি, মেলা থেকে বেরোনোর পর তিনি মাকে ফোন করে জানিয়েছিলেন, বাড়ি ফিরে ভাত খাবেন। সেই কারণে মাকে থালায় ভাত পরিবেশন করে রাখতে বলেছিলেন। কিন্তু সেই ফেরা আর হল না।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, দুর্ঘটনার সময় বাইকটি চালাচ্ছিলেন নিতাই দেবনাথ। দুই যুবকের কারও মাথায় হেলমেট ছিল না। গাছে ধাক্কা লাগার পর দু'জনেই ছিটকে রাস্তায় পড়ে যান। বিকট শব্দ শুনে আশপাশের মানুষ ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁদের রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। স্থানীয় এক চিকিৎসক ঘটনাস্থলে পৌঁছে দু'জনকেই মৃত বলে ঘোষণা করেন।

খবর পেয়ে বাগদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ দু'টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। কী কারণে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

নিতাইয়ের জেঠু বিশ্বজিৎ দেবনাথ জানান, দুই বন্ধুই ভিনরাজ্যে কাজ করতেন। কয়েক দিন আগে বাড়ি ফিরেছিলেন। আচমকা এই দুর্ঘটনায় পরিবারের সকলেই ভেঙে পড়েছেন।


Share