Accident

শ্রাবণের শেষ সোমবারে মুর্শিদাবাদে জোড়া দুর্ঘটনা, বাসের ধাক্কায় মৃত্যু পুণ্যার্থীর, গঙ্গায় তলিয়ে নিখোঁজ কিশোর

শিবমন্দিরে জল ঢালতে যাওয়ার পথে বাসের ধাক্কায় মৃত্যু হল ১৭ বছরের দ্বীপ মণ্ডলের। অন্যদিকে, বহরমপুর গঙ্গার ঘাটে স্নান করতে নেমে তলিয়ে নিখোঁজ ১৬ বছরের রকি মণ্ডল, ডুবুরি নামিয়ে চলছে তল্লাশি।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ
  • শেষ আপডেট: ১৭ আগস্ট ২০২৬ ০২:৪৭

শ্রাবণ মাসের শেষ সোমবার। শিবমন্দিরগুলিতে সকাল থেকেই ভিড় পুণ্যার্থীদের। এরই মধ্যে মুর্শিদাবাদে ঘটল দুটি দুর্ঘটনা। এক দিকে, জল নিয়ে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন এক কিশোর। বাসের ধাক্কায় মৃত্যু তাঁর মৃত্যু হয়। অন্যদিকে, বহরমপুরের গঙ্গার ঘাটে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে নিখোঁজ ১৬ বছরের এক কিশোর। তাঁর সন্ধানে ডুবুরি নামিয়ে পুলিশ তল্লাশি চালাচ্ছে।

জানা গিয়েছে, বহরমপুর গঙ্গার ঘাটে তলিয়ে নিখোঁজ কিশোরের নাম রকি মণ্ডল (১৬)। তাঁর বাড়ি সাগরপাড়া থানার খয়েরতলা এলাকায়। সোমবার সাগরপাড়া শিবমন্দিরে জল ঢালার জন্য রবিবার বিকেলে আত্মীয়দের সঙ্গে গঙ্গার ঘাটে জল আনতে গিয়েছিল। অন্য পুণ্যার্থীদের সঙ্গে সে গঙ্গায় স্নান করতে নামে। জলে ডুব দেওয়ার পর থেকেই তাঁর আর কোনও খোঁজ পাওয়া যায়নি। পরিবারের লোকজন এবং স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করলেও সন্ধান মেলেনি। সোমবার দুপুর পর্যন্তও রকির কোনও হদিশ পাওয়া যায়নি। পরে পুলিশ ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু করে।

রকির কাকা বিধান মণ্ডল জানান, গঙ্গা থেকে জল ভরার জন্য পরিবারের অনেকেই জলে নেমেছিলেন। সেই সময় রকিও স্নান করতে নামে। আচমকা জলে ডুব দেওয়ার পর আর তাকে দেখা যায়নি।

অন্যদিকে, রানিনগরের সুখদেববাটি সেতুর কাছে পথদুর্ঘটনাটি ঘটে। সঙ্গীদের সঙ্গে হেঁটে হাগরপাড়ার দিকে ফেরার সময় বাসের ধাক্কায় গুরুতর জখম হন দ্বীপ মণ্ডল (১৭)। তাঁর বাড়ি রানিনগর থানার চর বর্ডারপাড়া এলাকায়। আহত অবস্থায় তাঁকে দ্রুত ইসলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গঙ্গার ঘাট থেকে জল নিয়ে হাজার হাজার পুণ্যার্থীর সঙ্গে পায়ে হেঁটে দ্বীপ বাড়ি ফিরছিল। সুখদেববাটির কাছে রাস্তার অবস্থা খারাপ থাকায় ভিড়ের মধ্যে পাশ দিয়ে যাওয়া একটি বাসের সঙ্গে তাঁর ধাক্কা লাগে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


Share