Fire Incident

তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দাদাগিরি! তোলার টাকা না দেওয়ায় বিজেপি কর্মীদের দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ, তদন্তে পুলিশ

স্থানীয় সূত্রের খবর, হরিপালের নালিকুল বাজার এলাকায় বিজেপি সমর্থক শ্রাবণকুমার মহাতোর মুদিখানা দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে।

বিজেপি কর্মীর দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ।
নিজস্ব সংবাদদাতা, হরিপাল
  • শেষ আপডেট: ১১ মে ২০২৬ ০৬:১১

ফের তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দাদাগিরি। তোলার টাকা না দেওয়ায় বিজেপি সমর্থকের দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল। হুগলির হরিপালের নালিকুল বাজার এলাকায় ঘটনাটি ঘটেছে। যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে। 

স্থানীয় সূত্রের খবর, হরিপালের নালিকুল বাজার এলাকায় বিজেপি কর্মী শ্রাবণকুমার মহাতোর মুদিখানা দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে। তাঁর দোকানে প্রায় ১০ লক্ষ টাকার মুদিখানা দ্রব্য ছিল। সেখানে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

শ্রাবণকুমার মহাতোর অভিযোগ, গতকাল দুপুরে নালিকুল বাজার এলাকায় দোকান থেকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তোলার টাকা তুলতে আসে। তাদের দাবি মতো টাকা দিতে তিনি অস্বীকার করেন। তার ফলে দোকানে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় তারা। এমনই অভিযোগ করেন ওই বিজেপি কর্মী। 

বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবি হয়েছে। রাজ্যে পালাবদল হয়েছে। বিজেপি সরকার গঠন করেছে। মুখ‍্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। তাই তৃণমূলের তোলাবাজি রাজ আর চলতে দেওয়া যায় না বলে প্রতিবাদ জানিয়েছিলেন ব্যবসায়ী শ্রাবণকুমার মহাত-সহ অন্যান্য ব্যবসায়ীরা। 

ওই ব্যবসায়ীর দাবি, তারই প্রতিবাদ করায় রবিবার ভোররাতে দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়। রবিবার সকালে সেই আগুন দেখে দমকলে খবর দেওয়া হয়। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। হরিপাল থানায় খবর দেওয়া হয়। হরিপাল থানায় পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিদর্শন করে।

যদিও সম্পূর্ণ ঘটনা অস্বীকার করেছে তৃণমূল। নালিকুলের তৃণমূল নেতা সুরজিৎ বাগুইয়ে দাবি, “তৃণমূল কোন দিনও নাকি তেলা তোলেনি। ওই বাজার তৃণমূলেরও না। সেটা এলাকার মানুষ এবং বাজারের ব্যবসায়ীদের জিজ্ঞাসা করলেই জানা যাবে। বিজেপি বা অন্যান্য ব্যবসায়ী কেন বলছে সেটা আমরা জানি না।”


Share