Suicide

মাধ্যমিকে আশানুরূপ ফল করতে না পেরে বিপত্তি, আত্মঘাতী কিশোরী

পরিবারের সদস্যদের দাবি, ফল জানার পর থেকেই মানসিকভাবে সে ভেঙে পড়েছিল।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ
  • শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ১১:০৫

গত শুক্রবার মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা হয়েছে। আর মাধ্যমিকের ফল আশানুরূপ না হওয়ায় বিপত্তি। ভয়াবহ সিদ্ধান্ত নিল মুর্শিদাবাদের এক কিশোরী। বেলডাঙা থানার মির্জাপুর পূর্বপাড়া এলাকায় শুক্রবার ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে আসে। মৃত ছাত্রীর নাম সুরাইয়া খাতুন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুরাইয়া মির্জাপুর হাজি সোলেমান চৌধুরি হাই স্কুলের ছাত্রী ছিল। শুক্রবার মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। সে জানতে পারে সে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। পরিবারের সদস্যদের দাবি, ফল জানার পর থেকেই মানসিকভাবে সে ভেঙে পড়েছিল।এরপর কিছু সময়ের মধ্যেই বাড়ির একটি ঘর থেকে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন পরিবারের লোকজন। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে বেলডাঙা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


Share