Minor Rape

বারুইপুরে ১২ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে খুন, পুলিশের জালে আটক একজন, এলাকায় বিক্ষোভ

খাবার কেনার নাম সে করে বাড়ি থেকে বের হয়েছিল। স্থানীয়দের দাবি, তখনই চারজন যুবক ওই নাবালিকাকে তুলে নিয়ে যায়।

স্থানীয়রা বিক্ষোভে সামিল হয়।
নিজস্ব সংবাদদাতা, বারুইপুর
  • শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৬ ০৩:১৮

এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর এলাকায়। বয়স ১২ বছর। বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুর থেকে দেহ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এক অভিযুক্তকে আটকও করা হয়েছে।

বারুইপুর থানা এলাকার ধপধপি-২ পঞ্চায়েতের সূর্যপুর হাট এলাকায় ওই নাবালিকার দেহ উদ্ধার হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকা শনিবার বিকেল চারটে থেকে নিখোঁজ ছিল। খাবার কেনার নাম সে করে বাড়ি থেকে বের হয়েছিল। স্থানীয়দের দাবি, তখনই চারজন যুবক ওই নাবালিকাকে তুলে নিয়ে যায়। এ দিন সকালে নাবালিকার দেহ উদ্ধার করা হয়।

ঘটনার জেরে রবিবার সকাল থেকে সূর্যপুর হাট এলাকায় উত্তেজনা ছড়ায়। দেহ আটকে রেখে স্থানীয়রা বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। স্থানীয়রা প্রভাস মণ্ডল নামে এক অভিযুক্তকে আটক করে। তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। বাকিদের খোঁজে পুলিশ এলাকায় তল্লাশি শুরু করেছে।


Share