Baruipur Incident

বারুইপুরের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত, দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পরে হেফাজতে নিল সিট, হাজির করানো হবে আদালতে

ধৃত দু’জনকেই সোমবার বারুইপুর আদালতে হাজির করাবে পুলিশ। তাঁদের হেফাজতের নিতে চেয়ে আদালতের কাছে আবেদন করবে পুলিশ। এ ছাড়াও, আরও তিন জনকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনায় আর কে বা কারা জড়িত রয়েছে, তা জানতে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করতে চায় সিটের তদন্তকারীরা।

বারুইপুরের ঘটনায় গ্রেফতার তিনজন।
নিজস্ব সংবাদদাতা, বারুইপুর
  • শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৬ ০২:০১

বারুইপুরের নাবালিকাকে খুনের অভিযোগে আরও এক জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম আনন্দ সর্দার। পুলিশ সূত্রের খবর, আনন্দ এই ঘটনার মূল অভিযুক্ত। এর আগে দু’জনকে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন জনে। আরও তিন জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রবিবার সকালে বারুইপুর থানা এলাকার সূর্যপুরের একটি পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় নাবালিকার দেহ উদ্ধার হয়। সেই ঘটনায় বিশেষ তদন্তকারী দল গঠন করে পুলিশ। বারুইপুরের অতিরিক্ত সুপারের নেতৃত্বে সিট রবিবারই প্রভাস মন্ডল নামে অভিযুক্তকে গ্রেফতার করে। পুলিশ সূত্রের খবর, তাঁকে জিজ্ঞাসাবাদ করে রাতভর তল্লাশি অভিযান চালিয়ে সোমবার সকালে দিবাকর সর্দার নামে আরেক অভিযুক্তকে গ্রেফতার করে। তার পরেই বারুইপুর বাজার এলাকা থেকে আনন্দ সর্দারকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, আনন্দ সর্দারই এই ঘটনার মূল অভিযুক্ত।

প্রভাসকে রবিবারই আদালতে হাজির করানো হয়েছিল। ধৃত দু’জনকেই সোমবার বারুইপুর আদালতে হাজির করাবে পুলিশ। তাঁদের হেফাজতের নিতে চেয়ে আদালতের কাছে আবেদন করবে পুলিশ। এ ছাড়াও, আরও তিন জনকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনায় আর কে বা কারা জড়িত রয়েছে, তা জানতে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করতে চায় সিটের তদন্তকারীরা।

উল্লেখ্য, রবিবার সকালে সূর্যপুরের একটি পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় নাবালিকার দেহ উদ্ধার হয়। তার পর থেকেই এলাকায় দফায় দফায় উত্তেজনা ছড়ায়। পুলিশকে মারধরের ঘটনা ঘটে। পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। অশান্তি শুধু বারুইপুর নয়, পাশের দুটি থানা— নরেন্দ্রপুর এবং সেনারপুর এলাকাতেও ছড়িয়েছে। সোমবার সকালে ওই তিন থানা এলাকায় ভারতীয় ন‍্যায় সংহিতার ১৬৩ ধারা জারি করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী এলাকায় দফায় দফার রুটমার্চ করছে।

ইতিমধ্যেই, নাবালিকার দেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পরিবারের অভিযোগ, নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, ধর্ষণের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই তা বোঝা যাবে। সেই অনুযায়ী, এফআইআরে ধারা যোগ করা হবে। গতকালই পরিবারের সদস্যদের সঙ্গে রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ফোনে কথা বলেছেন। আগামীকাল, মঙ্গলবার পরিবারের সদস্যদের সঙ্গে তিনি ভবানী ভবনে সাক্ষাৎ করবেন বলেও জানা গিয়েছে।


Share