UP Women Cash Package

মহিলাদের জন্য ৫০ হাজার টাকার আর্থিক প্যাকেজ? অখিলেশের ৪০ হাজারের পাল্টা চালে বড় ঘোষণার পথে যোগী সরকার

মহিলা ভোটারদের মন জয়ে অখিলেশের ৪০ হাজারের পাল্টা যোগী সরকার ৫০ হাজার টাকার প্যাকেজ ঘোষণার পথে।

যোগী আদিত্যনাথ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৬ ০৩:৪৪

উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মহিলা ভোটারদের মন জয়ে আর্থিক সাহায্যকে হাতিয়ার করতে চলেছে বিজেপি সরকার। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব মহিলাদের ৪০ হাজার টাকা আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দেওয়ার পর এ বার আরও বড় অঙ্কের প্যাকেজ ঘোষণার পথে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার। সরকারি সূত্রের দাবি, মহিলাদের জন্য প্রায় ৫০ হাজার টাকার আর্থিক প্যাকেজ দেওয়ার প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

গত ৩ নভেম্বর লখনৌতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মহিলাদের আর্থিক ভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে বিশেষ প্যাকেজ দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তবে সেই সময় আর্থিক সাহায্যের নির্দিষ্ট পরিমাণ জানাননি তিনি। পরবর্তী সময়ে সরকারি সূত্রে জানা যায়, মহিলাদের প্রায় ৫০ হাজার টাকা দেওয়ার বিষয়টি নিয়ে প্রশাসনিক স্তরে আলোচনা হয়েছে। প্রস্তাবটি ইতিমধ্যেই উচ্চতর মহলে পাঠানো হয়েছে। সেখান থেকে সবুজ সঙ্কেত মিললেই পরবর্তী পদক্ষেপ করা হতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিষয়টি মূলত রাজনৈতিক সদিচ্ছার উপর নির্ভর করছে। পাশাপাশি এই বিপুল পরিমাণ আর্থিক সাহায্য দেওয়া হলে রাজ্যের কোষাগারের উপর কতটা চাপ পড়বে, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

রাজনৈতিক মহলের মতে, এই সম্ভাব্য ঘোষণার নেপথ্যে রয়েছে মহিলা ভোটব্যাঙ্কের গুরুত্ব। বিভিন্ন ভোট সমীক্ষক সংস্থার রিপোর্ট অনুযায়ী, সাম্প্রতিক উত্তরপ্রদেশের নির্বাচনগুলিতে পুরুষদের তুলনায় বেশি সংখ্যায় মহিলারা বিজেপিকে ভোট দিয়েছেন। রাজ্যে মহিলা ভোটারের সংখ্যাও ৬ কোটির বেশি। ২০২২ সালের বিধানসভা নির্বাচনে পুরুষদের তুলনায় মহিলাদের ভোটদানের হার প্রায় ৩ শতাংশ বেশি ছিল।

এই পরিস্থিতিতে অখিলেশের ৪০ হাজার টাকার প্রতিশ্রুতির পাল্টা যোগী সরকার ৫০ হাজার টাকার প্যাকেজ ঘোষণা করে কি না, এখন সে দিকেই নজর রাজনৈতিক মহলের। ভোটের আগে মহিলা ভোটারদের সমর্থন ধরে রাখতে আর্থিক সহায়তার এই প্রতিযোগিতা উত্তরপ্রদেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। slug


Share