Police Recruitment

‘পুলিশের ওপরে হামলা হলে সুদ সমেত ক্ষতিপূরণ আদায় করব,’ ৩০৩ জনের হাতে নিয়োগপত্র তুলে দিয়ে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পশ্চিমবঙ্গ পুলিশের ১১ হাজার কনস্টেবলদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। তার মধ্যে ৩ হাজার মহিলা রয়েছে। ৩০৯ জনের মধ্যে ৩০৩ জন ভিআর শেষ করে বৃহস্পতিবার থেকে কলকাতা পুলিশে যোগ দিলেন।

নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৬ ০৩:৩৪

রাজ‍্য পুলিশের পরে কলকাতা পুলিশের ৩০৩ জনের হাতে নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, আগের সরকার নিয়ম না মানায় মামলা হয়েছিল। এর ফলে বেকারদের কোনও লাভ হয়নি। সরকার পরিবর্তন হয়েছে বলেই নতুন নিয়োগ করা সম্ভব হয়েছে। যদি আগের সরকার থাকত নিয়োগ হত না বলে দাবি করেছেন। এ ছাড়াও, পুলিশের ওপর কোনও হামলা ঘটনা সরকার বরদাস্ত করবে না বলেও জানিয়েছেন। যদি এমন কোনও ঘটনা ঘটে তা হলে সুদ সমেত ক্ষতিপূরণ আদায় করা হবে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

শনিবার লালবাজারে একটি অনুষ্ঠান থেকে ৩০৩ জনের হাতে নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে, ২০২৪ সালে কলকাতা পুলিশ নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল। গত ২০২৫ সালে মেন পরীক্ষা হয়। ২০২৬ সালে নিয়োগ সম্পন্ন হল। পরীক্ষায় মোট ৩০৯ জন উত্তীর্ণ হয়েছিল। তাঁদের মধ্যে সার্জেন্ট, সাব-ইন্সপেক্টরের পদ রয়েছে। উত্তীর্ণ ৩০৯ জনের মধ্যে ৩০৩ জনের পরিচয় যাচাই হয়েছে। তাঁদের হাতেই নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই অনুষ্ঠানে রাজ‍্যের মুখ‍্যসচিব মনোজ আগরওয়াল, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের সচিব সঙ্ঘমিত্রা ঘোষ, রাজ‍্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্ত, পুলিশ নিয়োগ বোর্ডের চেয়ারম্যান নীরজকুমার সিংহ, কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ এবং কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পান্ডে।

এ দিন অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী বলেন, “যে কেউ পুলিশকে মুখে আক্রমণ করতেই পারেন। তা নিয়ে আমরা চিন্তিত নই। কিন্তু পুলিশের ওপরে হামলা হলে জেলে থাকতে হবে। হেফাজতে থাকাকালীনই ট্রায়াল শেষ করব।” পার্কসার্কাস এবং আসানসোলের ঘটনা টেনে মুখ্যমন্ত্রী বলেন, এই দু’টি জায়গায় হয়েছিল। আমি নিজে গিয়েছিলাম। পুলিশের গাড়িতে ভাঙচুর হয়েছিল টাকা আদায় করেছি। এমন ঘটনায় ঘটলে সুদ সমেত টাকা আদায় করব।” 

সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী নবাগতদের বার্তা দিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য, পুলিশকে আইন মেনেই কাজ করতে হবে। মানবাধিকার কমিশন-সহ বাকিদের নিয়ম মেনে কাজ করতে হবে। কোনও ধরণের নেশা সামগ্রী পাচার দেখলে আইন মেনে যা করার সেটাই করতে বলেছেন তিনি। অন‍্য দিকে, মহিলাদের সুরক্ষা বিষয়ে সরকারের জিরো টলারেন্স নীতি স্পষ্ট করেছেন। তিনি বলেন, “ঘড়িতে টাইম দেখে পুলিশ কাজ করে না। আপনাদের হাত খোলা আছে। আমি ঢাল হয়ে থাকব।”

বৃহস্পতিবার লালবাজার থেকে বিগত সরকারকেও আক্রমণ করেছেন। শুভেন্দু অধিকারী বলেন, “বিগত সরকারের সময় দড়ি টানাটানি হয়েছে। আগের সরকার থাকলে নিয়োগ আর হত না। পালাবদলের পরেই বিষয়টি নিয়ে সরকার স্পষ্ট অবস্থান দেখিয়ে বলেই নিয়োগ সম্ভব হয়েছে।” হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আপনারা আদালতে যেতেই পারেন। তবে জিতবেন না। কারণ আইনে যা আছে সেটাই আমরা করি। কোনও অস্বচ্ছতার থাকবে না। ডিসেম্বরেই রাজ‍্য পুলিশের এসআই এবং এসআই নিয়োগ দেব। গঙ্গাসাগর মেলার আগেই কলকাতা পুলিশের ৪ হাজার কনস্টেবল নিয়োগ দেব।”

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এ-ও বলেন, “রাজ‍্যে পুলিশ পরিকাঠামোর সব দিক থেকেই পিছিয়ে গিয়েছে। সময় মতো ভাবলে এই সমস‍্যা হতো না। বর্তমান সরকার বিপদে পড়ত না। বেতনও ঠিক করে পেতে পারতেন। অনেক আগে ষষ্ঠ বেতন কমিশন হয়েছে। এই ছ’মাসে এসেই আমরা পুলিশের আর্থিক সমর্থন দিয়েছি। কেন্দ্রের সঙ্গে সমন্বয় রেখে পুলিশের প্রশিক্ষণের বিষয়টি দেখছি। মনে রাখবেন, আপনাদের কাছে দেশই প্রথম।”

মুখ্যমন্ত্রী আরও বলেন, “বর্তমানে ৪৬ হাজার শূন্যপদ পড়ে রয়েছে। নিয়োগের প্রক্রিয়া মাঝপথে পড়ে রয়েছে। বিগত দিনে জটিলতায় আইনি জটিলতায় আটকে পড়ে। তার মধ্যে ছিল ওবিসি মামলা। তৎকালীন রাজ‍্য সরকার হাই কোর্টের রায় নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল। পুলিশ নিয়োগ বোর্ডের চেয়ারম্যান নীরজকুমার সিংহ আইনি জটিলতায় হাত-পা বাঁধা পড়ে যান। ওই মামলায় রাজ‍্য সরকার সুপ্রিম কোর্টের ওই মামলা থেকে বেরিয়ে যাওয়ার পরেই নিয়োগ দেওয়া সম্ভব হয়েছে। অতি অল্প সময়ে নিয়োগের ব‍্যবস্থা করেছেন নীরজকুমার সিংহ।”

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পশ্চিমবঙ্গ পুলিশের ১১ হাজার কনস্টেবলদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। তার মধ্যে ৩ হাজার মহিলা রয়েছে। ৩০৯ জনের মধ্যে ৩০৩ জন ভিআর শেষ করে বৃহস্পতিবার থেকে কলকাতা পুলিশে যোগ দিলেন। ডিসেম্বরের গঙ্গাসাগর মেলার আগেই আরও ১,৩০০ জন কলকাতা পুলিশের কনস্টেবলের হাতে নিয়োগপত্র তুলে দেবেন বলেও জানিয়েছেন তিনি। 


Share