Fire Incident

ভাঙড়ে চিপস কারখানায় ভয়াবহ আগুন, দমকলের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো

দমকলের তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়নি। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে অনুমান।

আগুন নেভাতে তৎপর দমকলকর্মী
নিজস্ব সংবাদদাতা, ভাঙর
  • শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৬ ০১:৫২

বৃহস্পতিবার সকালে দক্ষিণ ২৪ পরগনায় অগ্নিকাণ্ড। একটি চিপস কারখানায় আচমকাই আগুন লেগে যায়। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় থানার অন্তর্গত চন্ডিপুর এলাকায় ঘটনাটি ঘটেছে।এলাকাজুড়ে আতঙ্ক ছড়ালেও দমকলের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

স্থানীয়দের কথায়, প্রতিদিনের মতোই সকালবেলা শ্রমিকরা কাজে যোগ দিতে কারখানায় পৌঁছেছিলেন। সেই সময়ই হঠাৎ কারখানার ভিতর থেকে ধোঁয়া ও আগুনের শিখা বেরোতে দেখা যায়। বিষয়টি সঙ্গে সঙ্গে ভাঙড় থানায় জানানো হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে। দমকল কর্মীদের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানা গিয়েছে।

প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিটের কারণেই আগুন লেগে থাকতে পারে। তবে সঠিক কারণ জানতে পুলিশ বিস্তারিত তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসে আনন্দপুরের নাজিরাবাদ এলাকায় একটি গুদামে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। সেই আগুন পরে পাশের একটি মোমো কোম্পানির গুদামেও ছড়িয়ে পড়ে। ঘটনায় প্রায় ২৫ জনের মৃত্যু হয়। তাই এদিনের ঘটনায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় স্বস্তি পেয়েছেন স্থানীয় বাসিন্দারা।


Share