Post Poll Violence

মন্দিরবাজারে চলল গুলি, জখম আইএসএফ কর্মী, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ

মন্দিরবাজারে চলল গুলি, জখম আইএসএফ কর্মী, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা
  • শেষ আপডেট: ০৭ মে ২০২৬ ০২:২৪

নির্বাচনের ফল ঘোষণার পরবর্তী সময় থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনা ঘটছে।এই সংঘর্ষের মধ্যে দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারে ফের উত্তেজনা ছড়াল। পুরোনো বিবাদের জেরে এক আইএসএফ কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় নিশাপুর পঞ্চায়েতের ধান্যঘাটা এলাকায় এই ঘটনাটি ঘটেছে। ঘটনায় হাসিবুল হোসেন হালদার নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন।বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে সানাউল্লা মোল্লার মাথায় গুরুতর চোট লেগেছে। বোমার আঘাতে উজির হালদার জখম হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের সঙ্গে হাসিবুলের দীর্ঘদিনের রাজনৈতিক বিবাদ ছিল। মঙ্গলবার বিকেলে এলাকায় একটি মাঠে কয়েক জনের সঙ্গে তিনি বসে ছিলেন। সেই সময় কয়েক জন সেখানে আসে। তাঁদের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, কথা কাটাকাটির মাঝেই সামিউল্লা সর্দার নামে এক ব্যক্তি আচমকা আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালায়। গুলি হাসিবুলের হাতে লাগে। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে নাইয়ারাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

ঘটনার পর আক্রান্তের পরিবারের পক্ষ থেকে মন্দিরবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত তদন্তে নামে। ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম সামিউল্লা সর্দার ও আশফাকুল্লা সর্দার। পুলিশ জানিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদের পর একটি পিস্তলও উদ্ধার করা হয়েছে।

সুন্দরবন পুলিশ জেলার সুপার বিশ্বচাঁদ ঠাকুর জানিয়েছেন, প্রাথমিক তদন্তে পুরোনো বিবাদের সূত্রই সামনে এসেছে। ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। পুরো ঘটনার তদন্ত চলছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এই ঘটনার পিছনে আইএসএফ তৃণমূলের মদতের অভিযোগ তুলছে। দলের নেতা মইদুল ইসলাম মিদ্যে দাবি করেছেন, ভোটে পরাজয়ের পরও এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে। যদিও তৃণমূল সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। 

মন্দিরবাজারের তৃণমূল প্রার্থী জয়দেব হালদার বলেন, তাঁদের দলই বর্তমানে আক্রান্ত হচ্ছে। তাই এই ধরনের ঘটনায় দলের কোনও ভূমিকা নেই।


Share