Sabuj Sathi Cycle

অযত্নে নষ্ট হচ্ছে ‘সবুজ সাথী’র হাজার হাজার সাইকেল! গাফিলতির অভিযোগে সরব বিজেপি, ক্ষোভ হাঁসখালিতে

কর্মতীর্থ ভবন ও দক্ষিণপাড়া হাই স্কুলে পড়ে থাকা সাইকেলগুলির অনেকগুলিতে ধরেছে মরচে। ঘটনায় প্রশাসনিক গাফিলতির অভিযোগ তুলে স্থানীয়েরা সরব হয়েছেন। বিষয়টি নিয়ে বিগত তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন বিজেপি বিধায়ক সুকান্ত বিশ্বাস।

দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে 'সবুজ সাথী' সাইকেল।
নিজস্ব সংবাদদাতা, নদিয়া
  • শেষ আপডেট: ১১ আগস্ট ২০২৬ ০১:৪৮

বরাদ্দ হয়েছিল। কিন্তু বন্টন হয়নি। নদিয়ার হাঁসখালি ব্লকের দক্ষিণপাড়ায় এ ভাবেই অযত্নে পড়ে থেকে নষ্ট হচ্ছে ‘সবুজ সাথী’ প্রকল্পের জন্য বরাদ্দ হওয়া হাজার হাজার সাইকেল। দীর্ঘদিন ধরে সাইকেলগুলি পড়ে থাকায় বেশিরভাগ সাইকেলে মরচে ধরেছে। আবার বেশ কিছু সাইকেল নষ্ট হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। সরকারি সম্পত্তি এ ভাবে পড়ে থেকে নষ্ট হওয়া নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

স্থানীয়দের দাবি, প্রায় তিন কোটি টাকা ব্যয়ে তৈরি কর্মতীর্থ ভবনে দীর্ঘদিন ধরে সাইকেলগুলি পড়ে রয়েছে। এই সাইকেলগুলি পড়ুয়াদের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ হয়েছিল। একইভাবে দক্ষিণপাড়া হাই স্কুলের একটি ঘরেও সাইকেল পড়ে থাকার ছবি সামনে এসেছে। সাইকেল না পেয়ে পড়ুয়া ও অভিভাবকেরা ক্ষোভ প্রকাশ করেছেন।

এলাকাবাসীর অভিযোগ, এর নেপথ্যে প্রশাসনিক গাফিলতি রয়েছে। সেই কারণেই সময়মতো সাইকেলগুলি পড়ুয়াদের মধ্যে বন্টন করা সম্ভব হয়নি। ফলে সরকারি অর্থে কেনা সম্পত্তি নষ্ট হচ্ছে। তাঁদের দাবি, অবিলম্বে সাইকেলগুলি বন্টন করা হোক। পাশাপাশি কেন বন্টন করা গেল না তা নিয়ে তদন্ত শুরু করার দাবি জানানো হয়েছে।

ঘটনার খবর পেয়ে কৃষ্ণগঞ্জ বিধানসভার বিজেপি বিধায়ক তথা শিক্ষক সুকান্ত বিশ্বাস এলাকায় পৌঁছোন। তিনি বিষয়টি নিয়ে বিগত তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হন। তাঁর অভিযোগ, এই ঘটনা বিগত সরকারের আমলে হওয়া দুর্নীতির একটি বড় প্রমাণ। গোটা বিষয়টি তদন্তের আওতায় এনে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন বিজেপি বিধায়ক।

সরকারি সম্পত্তি এভাবে নষ্ট হওয়ার ঘটনায় ইতিমধ্যেই এলাকায় তৈরি হয়েছে ব্যাপক ক্ষোভ। এই বিষয়ে জেলার ডিআইয়ের বক্তব্য এখনও মেলেনি। পড়ুয়াদের জন্য বরাদ্দ এই বিপুল সংখ্যক সাইকেল কেন দীর্ঘদিন ধরে বন্টন না করে ফেলে রাখা হয়েছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।


Share