Bomb Recovery

বসিরহাটে বিজেপি বুথ সভাপতির বাড়ির সামনে তাজা বোমা উদ্ধার, সন্দেহের তির তৃণমূলের দিকে

ঘটনার পর বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, এলাকায় ভয় ও সন্ত্রাসের পরিবেশ তৈরি করতেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে এই কাজ করেছে।

বিজেপি নেতার বাড়ির দরজার সামনে বোমা উদ্ধার।
নিজস্ব সংবাদদাতা, বসিরহাট
  • শেষ আপডেট: ২১ মে ২০২৬ ০৩:০৬

ফের বোমা উদ্ধার। শুরু রাজনৈতিক দোষারোপ। বিজেপির এক বুথ সভাপতির বাড়ির সামনে দু'টি তাজা বোমা উদ্ধার হয়। বৃহস্পতিবার ভোরে বসিরহাটের শশিনা গ্রামে এই ঘটনাকে ঘিরে হঠাৎই চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেখানকার বিজেপির বুথ সভাপতি অনিল বরণ মল্লিক। তিনি বসিরহাট থানার অন্তর্গত গোটরা গ্রাম পঞ্চায়েতের ১০৫ নম্বর বুথ এলাকার বাসিন্দা। তাঁর বাড়ির দরজার সামনে দু'টি তাজা বোমা পড়ে থাকতে দেখা যায়।

পরিবারের দাবি, সকালে ঘরের দরজা খুলতেই তাঁদের নজরে আসে বোমা দুটি। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। সঙ্গে সঙ্গে বিষয়টি বসিরহাট থানায় জানানো হয়। পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছোয়। এলাকা ঘিরে ফেলা হয়। তল্লাশি চালিয়ে বোমা দুটি উদ্ধার করা হয়। তারপর নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

ঘটনার পর বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, এলাকায় ভয় ও সন্ত্রাসের পরিবেশ তৈরি করতেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে এই কাজ করেছে। বিজেপি নেতা অসিত বরণ মল্লিক দাবি করেন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করা উচিত।

অন্যদিকে, তৃণমূলের তরফে সমস্ত অভিযোগ খারিজ করা হয়েছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য, রাজনৈতিকভাবে ফায়দা তুলতেই বিজেপি এ ধরনের অভিযোগ করছে। অযথা উত্তেজনা ছড়ানোর চেষ্টা চালানো হচ্ছে।

ঘটনার তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ। কী উদ্দেশ্যে এবং কারা ওই বোমা রেখে গিয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।


Share