Shootout

ভাটপাড়ায় বিজেপি কর্মীকে লক্ষ্য করে চলল গুলি, খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার দুই দুষ্কৃতী

অভিযোগ, সেই সময় সুজিত চৌধুরী ওরফে কালুয়া ও তার দলবল নিয়ে আচমকা রাজুর ওপর চড়াও হয়। প্রথমে গালিগালাজ করে তারা। পরে রাজুকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালানো হয়েছে বলে পরিবার দাবি দাবি করেছে।

ভাটপাড়ায় বিজেপি কর্মীকে লক্ষ্য করে চলল গুলি।
নিজস্ব সংবাদদাতা, ভাটপাড়া
  • শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ১১:০৫

আবার ভাটপাড়ায় বিজেপি কর্মীকে গুলি চালানোর অভিযোগ উঠল। জগদ্দলের বড় শ্রীরামপুর অঞ্চলে ঘটনাটি ঘটেছে। খুনের চেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনায় পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে।

আক্রান্ত বিজেপি কর্মীর নাম রাজুকুমার সাউ। তিনি ভাটপাড়া পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের বিজেপির কর্মী। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে বাড়ির সামনে বসে রাজু গল্প করছিলেন। অভিযোগ, সেই সময় সুজিত চৌধুরী ওরফে কালুয়া ও তার দলবল নিয়ে আচমকা রাজুর ওপর চড়াও হয়। প্রথমে গালিগালাজ করে তারা। পরে রাজুকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালানো হয়েছে বলে পরিবার দাবি দাবি করেছে।

আক্রান্ত বিজেপি কর্মীর পরিবারের এ-ও দাবি,  গত ২৩ মার্চ ভোটের মুখে রাজু ও তার পরিবারের ওপর গুলি চালানো হয়েছিল। এই সুজিতই ওই ঘটনার সঙ্গে জড়িত। আক্রান্তের পরিবারের স্পষ্ট দাবি, তারা বিজেপি করায় রাজনৈতিক প্রতিহিংসা থেকেই বারবার এই আক্রমণের শিকার হচ্ছেন।

যদিও ভাটপাড়া ও জগদ্দল থানার পুলিশ গুলি চলার তত্ত্ব মানতে নারাজ। তবে ঘটনার তদন্তে নেমে জগদ্দল থানার পুলিশ ডানলপ এলাকা থেকে মূল অভিযুক্ত সুজিত চৌধুরী ওরফে কালুয়া এবং তার এক সঙ্গীকে গ্রেফতার করেছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে।


Share