E-Rickshaw

বাড়ছে যানজট, রাজ‍্য বা জাতীয় সড়কে টোটো চলাচল নিষিদ্ধ, আইনভঙ্গ করলে ব‍্যবস্থা নিতে নির্দেশ, রাজ‍্য পুলিশের ডিজিকে চিঠি দিল পরিবহণ দফতর

পরিবহণ দফতরের বক্তব্য, সাম্প্রতিক কালে বেশ কিছু অভিযোগ সামনে এসেছে। রাজ‍্য বা জাতীয় সড়কে দুর্ঘটনাও পাল্লা দিয়ে বেড়েছে। অপর দিকে, যানজটও বেড়েছে। রাস্তা দখল করে সারি দিয়ে দাঁড়িয়ে থাকা টোটোর জন‍্য গাড়ি, পণ‍্যবাহী গাড়ি, এবং গণপরিবহন ব‍্যহত হচ্ছে। ফলে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৮ আগস্ট ২০২৬ ১১:৪২

শহর বা গ্রাম— যেখানেই যাওয়া যায় টোটোর দাপট লক্ষ‍্য করা যায়। সেই কারণে বাড়ছে যানজট। বাড়ছে দুর্ঘটনাও। রাজ‍্য বা জাতীয় সড়কে টোটো চলাচলে নিষেধাজ্ঞা জারি করল রাজ্য সরকার। শনিবার সেই মর্মে পরিবহণ দফতর বিজ্ঞপ্তি জারি করেছে। নিয়ম ভাঙলে আইন অনুযায়ী কড়া পদক্ষেপ করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। 

পরিবহণ দফতরের সচিব রবিইন্দর সিংহ রাজ‍্য পুলিশের ডিজিকে একটি চিঠি দিয়েছেন। গত ২০১৪ সালে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক টোটো চলাচলের অনুমোদন দিয়েছে। তার প্রেক্ষিতে ২০১৬ সালে রাজ‍্য সরকার কোন রাস্তায় টোটো চালানো যাবে তা নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ‍্য সড়ক, জাতীয় সড়ক এবং গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে টোটো কোনও ভাবেই চলাচল করবে না। এ ছাড়াও, সরকারের নির্দিষ্ট করে দেওয়া রাস্তা ছাড়া টোটো চলাচল করবে না বলেও জানানো হয়। 

কিন্তু তার পরেও যে টোটোর দাপট কমেনি তা পরিবহণ দফতরের নজরে এসেছে। তৃণমূল জমানায় একাধিক এই নিয়ে নির্দেশিকা জারি হলেও নীচু স্তরের তা একেবারেই কার্যকর হয়নি। বিরোধী থাকাকালীন একাংশের অভিযোগ ছিল, তৃণমূলের নেতারা টোটো চালকদের কাছ থেকে টাকা তুলত। তার বদলে পুলিশের ওপরে প্রভাব খাটিয়ে রাজ‍্য এবং জাতীয় সড়কে টোটো চলাচলের অনুমতি পেত। যা ছিল কার্যত বেপরোয়া।

পরিবহণ দফতরের বক্তব্য, সাম্প্রতিক কালে বেশ কিছু অভিযোগ সামনে এসেছে। রাজ‍্য বা জাতীয় সড়কে দুর্ঘটনাও পাল্লা দিয়ে বেড়েছে। অপর দিকে, যানজটও বেড়েছে। রাস্তা দখল করে সারি দিয়ে দাঁড়িয়ে থাকা টোটোর জন‍্য গাড়ি, পণ‍্যবাহী গাড়ি, এবং গণপরিবহন ব‍্যহত হচ্ছে। ফলে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।

বড় রাস্তায় যাতে টোটো না চলাচল করে তা নিশ্চিত করার দায়িত্ব পুলিশের। টোটো এক এবং একমাত্র পাড়ার রাস্তাতেই চলার কথা। শনিবার পরিবহণ দফতরের নির্দেশ, এ ক্ষেত্রে পরিবহণ আইন মেনে এই কাজ করতে হবে। কোনও ভাবেই টোটো রাজ‍্য সড়ক, জাতীয় সড়কে চলাচল করতে দেওয়া যাবে না। যদি নির্দেশ অমান‍্য করে তাহলে এমভি আইন অনুযায়ী কড়া পদক্ষেপ করতে হবে।

পাশাপাশি এই নির্দেশ জরুরি ভিত্তিতে কার্যকর করতে রাজ‍্য পুলিশের ডিজিকে পরিবহণ দফতর নির্দেশ দিয়েছে। 


Share