Accident

চায়না মাঞ্জা সুতো গলায় লেগে গুরুতর আহত এক বৃদ্ধ, হাসপাতালে চিকিৎসাধীন

স্থানীয়দের অভিযোগ, পুলিশ প্রশাসন থেকে বারবার বলা সত্ত্বেও চিনা সুতোর বিক্রি বা ঘুড়ি ওড়ান কমেনি। শ্রীরামপুর রেল ওভার ব্রিজে এর আগেও কয়েকবার একই ধরনের দূর্ঘটনা ঘটেছে। তার পরেও এই সুতো বাড়বাড়ন্ত কমেনি।

আহত বৃদ্ধ নিতাই পোদ্দার।
নিজস্ব সংবাদদাতা, শ্রীরামপুর
  • শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:২১

চিনা মাঞ্জা গলায় লেগে প্রাণ সংশয় এক বৃদ্ধের। হাসপাতালে কার্যত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। বৃদ্ধের নাম নিতাই পোদ্দার। সাইকেল করে যাওয়ার সময় শ্রীরামপুর রেল ওভার ব্রিজে ঘটনাটি ঘটে। 

মঙ্গলবার ঘুড়ির সুতোতে লেগে মুখ ভাগ হয়ে আহত হন এক বৃদ্ধর। স্থানীয় সূত্রে জানা গেছে, আহত বৃদ্ধের নাম নিতাই পোদ্দার। বয়স ৬৫ বছর। তিনি শ্রীরামপুরের পশ্চিমপাড়ের বাসিন্দা। পরিবার সূত্রের খবর, সকাল বেলায় দোকান খুলতে যাচ্ছিলেন তিনি। পথে শ্রীরামপুর রেল ওভার ব্রিজে তার মুখের সঙ্গে জড়িয়ে যায় ওই চায়না সুতো। সাইকেলের গতি কমিয়ে দিলেও রেহাই পাননি ওই বৃদ্ধ। 

রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাঁকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যান। সেখানেই তাঁর মুখে ১৫ টি সেলাই করা হয়। তবুও সেখানে রক্ত বন্ধ করা যায়নি। পরে পরিবারের তরফ থেকে তাঁকে শ্রীরামপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউ-তে চিকিৎসা চলছে তার।

বৃদ্ধের পরিবার জানায়, অবিলম্বে এই সুতো বন্ধ হওয়া দরকার। এই ঘটনা তা মেনে নেওয়া যায় না। আজ নিতাই বাবুর সঙ্গে হয়েছে কাল অন্য কারোর সঙ্গে হতে পারে। স্থানীয়দের অভিযোগ, পুলিশ প্রশাসন থেকে বারবার বলা সত্ত্বেও চিনা সুতোর বিক্রি বা ঘুড়ি ওড়ান কমেনি। শ্রীরামপুর রেল ওভার ব্রিজে এর আগেও কয়েকবার একই ধরনের দূর্ঘটনা ঘটেছে। তার পরেও এই সুতো বাড়বাড়ন্ত কমেনি।


Share