Road Accident

চণ্ডীতলায় পথ দুর্ঘটনায় বালকের মৃত্যু, ট্রাকে ধরানো হল আগুন, ভাঙচুর একাধিক গাড়ি, রণক্ষেত্র ডানকুনি

হুগলির চণ্ডীতলার পাঁচঘড়ায় ১৯ নম্বর জাতীয় সড়কের ধারে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল প্রায় ১০ বছর বয়সি এক বালকের। সাইকেল চালানোর সময় একটি লরির তলায় চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ক্ষুব্ধ বাসিন্দারা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন।
নিজস্ব সংবাদদাতা, হুগলি
  • শেষ আপডেট: ২৪ জুন ২০২৬ ১১:০৫

হুগলির চণ্ডীতলার পাঁচঘড়ায় পথ দুর্ঘটনা। মৃত্যু হল এক বালকের। বুধবার ১৯ নম্বর জাতীয় সড়কের ধারে একটি সিমেন্ট কারখানার সামনে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় দশ বছর বয়সি এক বালক সাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি লরির ধাক্কায় তার নীচে চাপা পড়ে যায়। অভিযোগ, লরিটি তার শরীরের ওপর দিয়েই চলে গিয়েছে। ঘটনাস্থলেই ওই বালকের মৃত্যু হয়েছে।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা বিক্ষোভে ফেটে পড়েন। বিক্ষোভ চলাকালীন কারখানার একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। পাশাপাশি সার্ভিস রোডে দাঁড়িয়ে থাকা একাধিক ট্রাকে ভাঙচুর চালানো হয়েছে। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছোয়। পুলিশ পৌঁছোনোর পরেও উত্তেজনা কমেনি। ক্ষুব্ধ বাসিন্দারা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। পরিস্থিতি ক্রমশ অশান্ত হয়ে উঠলে পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে।

পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী।


Share