Mamata Banerjee

মমতার প্রাণনাশের চক্রান্তের দাবি ‘নাটক’, কটাক্ষ বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের

তাঁর দাবি, রাজনৈতিক স্বার্থেই পরিস্থিতিকে ব্যবহার করছেন মমতা। হালিশহরে অশান্তি তৈরির চেষ্টা নিয়েও তৃণমূল নেত্রীকে তিনি নিশানা করেন।

রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার।
নিজস্ব সংবাদদাতা, রানাঘাট
  • শেষ আপডেট: ০৯ আগস্ট ২০২৬ ০৯:৪৪

হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলা এবং তাঁকে প্রাণনাশের চক্রান্তের অভিযোগ ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। এই দাবিকে ‘নাটক’ বলে কটাক্ষ করলেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে জগন্নাথ সরকার বলেন, ‘‘তিনি নাটকে একদম সেরা। বিশ্বের কোথাও যদি সেরা অভিনেত্রীর পুরস্কার দেওয়া হয়, তা হলে মমতা বন্দ্যোপাধ্যায় এক নম্বরে থাকবেন।’’

তাঁর দাবি, অতীতেও বাংলার মানুষ একাধিক ঘটনার সাক্ষী থেকেছেন, যেখানে ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে রাজনীতি করা হয়েছে। সেই প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজনৈতিক স্বার্থে পরিস্থিতিকে ব্যবহার করার অভিযোগও তোলেন তিনি।

এ দিকে হালিশহরে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা হচ্ছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জগন্নাথ সরকার বলেন, ‘‘অশান্তি তৈরি করাই ওঁর কাজ। অতীতেও আমরা এরকম দেখেছি। আগে মনে হয়েছিল মানুষের জন্য হয়তো কিছু করতে চান। কিন্তু পরবর্তীতে বোঝা গিয়েছে, ক্ষমতার জন্যই এই সমস্ত নাটক করা হয়েছিল।’’

মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলা এবং প্রাণনাশের চক্রান্তের অভিযোগকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে। বিজেপি সাংসদের এই মন্তব্য সেই বিতর্ককে আরও উসকে দিল।


Share