Calcutta High Court

ডায়মন্ড হারবারে ৩ কোটি টাকা উদ্ধারের ঘটনায় নতুন মোড়! অভিষেকের আপ্তসহায়কের স্ত্রীর হাই কোর্টে মামলা, সিবিআই তদন্তের আর্জি

এই ঘটনার সিবিআই তদন্ত অথবা অবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারিতে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠনের আবেদন জানিয়েছেন সুস্মিতা। মঙ্গলবার বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা।

কলকাতা হাই কোর্ট।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৬ ০৩:৪১

ডায়মন্ড হারবারের তৃণমূল কার্যালয় থেকে প্রায় ৩ কোটি টাকা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের স্ত্রী সুস্মিতা রায়। তিনি স্বামীর নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করে পুলিশের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, মিথ্যা মামলায় সুমিতকে ফাঁসানোর উদ্দেশ্যেই পুলিশ বিপুল পরিমাণ টাকা উদ্ধারের কাহিনি সাজিয়েছে। এই ঘটনার সিবিআই তদন্ত অথবা অবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারিতে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠনের আবেদন জানিয়েছেন সুস্মিতা। মঙ্গলবার বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা।

আদালতে দায়ের করা আবেদনে সুস্মিতার দাবি, ডায়মন্ড হারবারের সরিষায় তৃণমূলের পার্টি অফিস থেকে যে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের কথা পুলিশ জানিয়েছে, তার সঙ্গে তাঁর স্বামীর কোনও যোগ নেই। বরং সুমিতকে গ্রেফতারের পর পুলিশি হেফাজতে তাঁর উপর লাগাতার অত্যাচার চালানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন। মারধর করে জোরপূর্বক মিথ্যা স্বীকারোক্তি আদায়ের চেষ্টা চলছে বলেও দাবি তাঁর। পাশাপাশি, সুস্মিতা এই তদন্তের সঙ্গে যুক্ত অভিযুক্ত পুলিশকর্তাদের অবিলম্বে সরিয়ে দেওয়ার আবেদনও জানিয়েছেন।

উল্লেখ্য, কিছুদিন আগে ডায়মন্ড হারবারের সরিষায় তৃণমূলের একটি পার্টি অফিস থেকে প্রায় ৩ কোটি টাকা উদ্ধারের দাবি করে রাজ্য পুলিশ। পুলিশের দাবি, সুমিতকে জিজ্ঞাসাবাদ করেই ওই বিপুল পরিমাণ টাকার হদিস পাওয়া গিয়েছিল। যদিও শুরু থেকেই পুলিশের এই দাবিকে নস্যাৎ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, গোটা ঘটনাটিই সাজানো। রাতের অন্ধকারে পুলিশের একটি নির্দিষ্ট গাড়ি থেকে টাকা এনে পার্টি অফিসে রাখা হয়েছিল বলে তিনি দাবি করেন। এমনকী, সেই ঘটনার সিসিটিভি ফুটেজ তাঁর হাতে রয়েছে এবং যথাসময়ে তা আদালতে পেশ করবেন বলেও অভিষেক জানিয়েছিলেন। পুলিশের বিরুদ্ধে সুমিতকে জোর করে সিজার লিস্টে সই করানোর অভিযোগও তুলেছিলেন তিনি। এ বার সেই অভিযোগের সূত্র ধরেই আইনি পদক্ষেপ করলেন সুমিতের স্ত্রী।

প্রসঙ্গত, পশ্চিম মেদিনীপুরের শালবনিতে জমি দুর্নীতি মামলায় নাম জড়ানোর পর থেকেই আইনি জটিলতায় রয়েছেন সুমিত রায়। হাই কোর্ট ও সুপ্রিম কোর্ট, কোনও আদালত থেকেই আগাম জামিন পাননি তিনি। শেষ পর্যন্ত তাঁকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে জেল হেফাজতে রয়েছেন সুমিত। পুজোর ছুটির আগে তাঁর জামিনের আবেদন করা হলেও অবকাশকালীন বেঞ্চ তা খারিজ করে দেয়। আদালত জানায়, ১৬ নভেম্বর নিয়মিত বেঞ্চ খোলার পরই মামলার শুনানি হবে। ফলে আপাতত জেলেই থাকতে হচ্ছে তাঁকে। স্বামীর বন্দিদশা এবং পুলিশি নির্যাতনের অভিযোগের বিচার চেয়েই এবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সুস্মিতা রায়।


Share