Suvendu Adhikari

বারুইপুরে নির্যাতিতার পরিবারের দাবির মাত্র চার দিনে সূর্যপুরে নতুন পুলিশ ফাঁড়ি, শনিবার উদ্বোধনে যাবেন মুখ্যমন্ত্রী

মাত্র চার দিনের মধ্যেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়েছে। শনিবার বারুইপুরে গিয়ে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করবেন শুভেন্দু অধিকারী। তাঁর হাত ধরেই আনুষ্ঠানিকভাবে চালু হবে ওই ফাঁড়ি।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নিজস্ব সংবাদদাতা, বারুইপুর
  • শেষ আপডেট: ১০ জুলাই ২০২৬ ১১:৫৩

মঙ্গলবার বারুইপুরে গিয়ে নির্যাতিতা নাবালিকার পরিবারের সদস্যদের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিরাপত্তার স্বার্থে এলাকায় একটি পুলিশ ফাঁড়ি তৈরির দাবি জানিয়েছিল পরিবার। সেখানেই তিনি আশ্বাস দিয়েছিলেন, দ্রুত সেই দাবি পূরণ করা হবে। মাত্র চার দিনের মধ্যেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়েছে। শনিবার বারুইপুরে গিয়ে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করবেন শুভেন্দু অধিকারী। তাঁর হাত ধরেই আনুষ্ঠানিকভাবে চালু হবে ওই ফাঁড়ি।

বারুইপুরের সূর্যপুরে গত রবিবার একটি পুকুর থেকে এক নাবালিকার দেহ উদ্ধারকে হয়। অভিযোগ, ওই নাবালিকাকে গণধর্ষণের পর খুন করা হয়েছে। ঘটনার জেরে ক্ষুব্ধ জনতার গণপিটুনিতে এলাকার এক যুবকের মৃত্যু হয়। মঙ্গলবার নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেন, গণপিটুনিতে নিহত যুবক নির্দোষ ছিলেন। একইসঙ্গে তিনি আশ্বাস দেন, এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। সেই বৈঠকেই নির্যাতিতার পরিবার এলাকার নিরাপত্তা জোরদার করতে সূর্যপুরে একটি পুলিশ আউটপোস্ট তৈরির দাবি জানায়। শুভেন্দু জানান, পরিবারের সেই দাবি রাজ্য পুলিশের ডিজি এবং স্বরাষ্ট্রসচিবের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। প্রয়োজনে ভাড়া বাড়িতে হলেও দ্রুত পুলিশ আউটপোস্ট চালুর নির্দেশ দেওয়া হবে বলেও তিনি জানান। তাঁর আশ্বাসের কয়েক ঘণ্টার মধ্যেই প্রশাসন আউটপোস্ট তৈরির প্রস্তুতি শুরু করে। অবশেষে শনিবার আনুষ্ঠানিকভাবে সূর্যপুর পুলিশ আউটপোস্টের উদ্বোধন করা হবে।

সূত্রের খবর, শনিবার সূর্যপুরে প্রায় ৪৫ মিনিটের কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। সকাল সাড়ে ১১টা নাগাদ তিনি প্রথমে নির্যাতিতার বাড়িতে যাবেন। এরপর গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের সঙ্গে দেখা করবেন। সবশেষে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন।

বর্তমানে সূর্যপুরে একটি পুলিশ ক্যাম্প থাকলেও সেটি মূলত আইনশৃঙ্খলা রক্ষার কাজেই ব্যবহৃত হয়। কোনও অভিযোগ জানাতে হলে স্থানীয় বাসিন্দাদের প্রায় ১০ কিলোমিটার দূরে বারুইপুর থানায় যেতে হয়। নতুন পুলিশ ফাঁড়ি চালু হলে সেই ভোগান্তি অনেকটাই কমবে। এলাকাবাসী ফাঁড়িতেই লিখিত অভিযোগ জমা দিতে পারবেন এবং প্রাথমিক তদন্তের কাজও সেখান থেকেই শুরু করা সম্ভব হবে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নতুন পুলিশ ফাঁড়িতে বর্তমান অস্থায়ী ক্যাম্পের তুলনায় আরও বেশি সংখ্যক পুলিশকর্মী ও আধিকারিক মোতায়েন করা হবে। এর ফলে এলাকায় টহলদারি জোরদার হবে, অপরাধ দমনে তৎপরতা বাড়বে এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত পুলিশি পরিষেবা পৌঁছে দেওয়া আরও সহজ হবে। শনিবার ফাঁড়ির উদ্বোধনের পাশাপাশি নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গেও দেখা করে কথা বলবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এ দিকে, নাবালিকাকে ধর্ষণ ও খুনের মামলায় গ্রেফতার হওয়া অভিযুক্ত প্রভাস মণ্ডল পুলিশের এনকাউন্টারে নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে ঘটনাস্থলে পুনর্নির্মাণের জন্য তাঁকে সূর্যপুরে নিয়ে যাওয়া হয়েছিল। সেই সময় তিনি পুলিশের কাছ থেকে একটি পিস্তল ছিনিয়ে পালানোর চেষ্টা করেন এবং গুলি চালান বলে অভিযোগ। পাল্টা গুলি চালায় পুলিশ, তাতেই মৃত্যু হয় প্রভাসের। মামলার বাকি অভিযুক্তরা এখনও পুলিশি হেফাজতেই রয়েছে। অন্য দিকে, নির্যাতিতার পরিবার জানিয়েছে, তদন্তে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে তারা সন্তুষ্ট। প্রভাস মণ্ডলের এনকাউন্টারের ঘটনার তদন্তভার ইতিমধ্যেই সিআইডির হাতে তুলে দেওয়া হয়েছে। শুক্রবার তদন্তকারী দলের প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে ফরেন্সিক বিশেষজ্ঞদের সঙ্গে নমুনা সংগ্রহ ও প্রাথমিক তদন্তের কাজ শুরু করতে পারেন।


Share