Amit Shah

হাওড়ায় ৬৫০ কোটির মেগা বিনিয়োগ! আমুলের বিশাল ডেয়ারি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনে রাজ্যে আসতে পারেন অমিত শাহ

প্রশাসনিক সূত্রের খবর, ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন অমিত শাহ। তাঁর হাত দিয়েই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হতে পারে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
নিজস্ব সংবাদদাতা, হাওড়া
  • শেষ আপডেট: ০৯ জুন ২০২৬ ০৭:১৬

রাজ্যে শিল্পায়নের নতুন সম্ভাবনার ইঙ্গিত মিলল হাওড়ায়। দুগ্ধজাত পণ্যের বৃহৎ উৎপাদক সংস্থা আমূল হাওড়ার সাঁকরাইলে বড় বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে। সেখানে গড়ে তোলা হবে দেশের অন্যতম বৃহৎ দুগ্ধজাত পণ্য উৎপাদন কেন্দ্র। আগামী সপ্তাহেই এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন হওয়ার কথা। প্রশাসনিক সূত্রের খবর, ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে আগামী ১৩ জুন রাজ্যে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর হাত দিয়েই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হতে পারে। অনুষ্ঠানে শতাধিক বিশিষ্ট অতিথি ও বহু দুগ্ধচাষীর উপস্থিতির সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি, ভবিষ্যতে উত্তরবঙ্গেও ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে সংস্থার।

দীর্ঘদিন ধরে রাজ্যে শিল্প বিনিয়োগ নিয়ে নানা আলোচনা ও প্রতিশ্রুতির পরও কাঙ্ক্ষিত অগ্রগতি নিয়ে প্রশ্ন উঠেছে। তবে রাজনৈতিক পরিবর্তনের পর শিল্পোন্নয়নের বিষয়ে নতুন আশার কথা শোনা যায়। সম্প্রতি বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য দ্রুত শিল্পোন্নয়নের বার্তা দিয়েছিলেন। এর কিছুদিন পরেই নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন ম্যানেজিং ডিরেক্টর শ্রী জয়েন মেহতা এবং আমুল ডেয়ারির কর্ণধার শ্রী অমিত ব্যাস। বৈঠকে প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় এবং পরবর্তীতে ভিত্তিপ্রস্তর স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

জানা গিয়েছে, হাওড়ার সালকিয়া ফুড পার্কে গড়ে উঠবে এই ডেয়ারি প্রকল্প। এটি হবে আমুলের প্রথম পূর্ণাঙ্গ মালিকানাধীন ডেয়ারি কারখানা। প্রায় ৬৫০ কোটি টাকার বিনিয়োগে নির্মিত এই প্রকল্প থেকে প্রতিদিন বিপুল পরিমাণ দই, লস্যি ও ঘোল উৎপাদনের পরিকল্পনা রয়েছে। শিল্পমহলের একাংশের মতে, এই বিনিয়োগের ফলে রাজ্যের দুগ্ধ পরিকাঠামো আরও শক্তিশালী হবে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হতে পারে। গুজরাটের একটি সংস্থা দু’দফায় কারখানা নির্মাণের কাজ সম্পন্ন করবে বলে জানা গিয়েছে।


Share