Attempt to Murder

হাত-পায়ে ইট বেঁধে ভাগীরথীতে সদ্যোজাতকে ফেলার অভিযোগ, অভিযুক্তদের খোঁজে তল্লাশি পুলিশের

অভিযোগ, শিশুটির হাত ও পায়ে ইট বেঁধে জলে ফেলে দেওয়া হয়েছিল। অভিযুক্তদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, বহরমপুর
  • শেষ আপডেট: ০৮ মে ২০২৬ ০২:৩৫

শুক্রবার সকালে মুর্শিদাবাদের বহরমপুরে ঘটনাটি ঘটেছে। কৃষ্ণণাথ কলেজ ঘাট এলাকায় ভাগীরথী নদীর ধারে সদ্যোজাত এক শিশুকে হত্যার চেষ্টা করা হয়েছে। অভিযোগ, শিশুটির হাত ও পায়ে ইট বেঁধে নদীতে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল।

স্থানীয়দের দাবি, সকালে ঘাটের কাছে এক যুবককে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। পরে দেখা যায়, নদীর জলে একটি সদ্যোজাত শিশু ভাসছে। অভিযোগ, শিশুটিকে হত্যা করার উদ্দেশ্যেই হাত-পায়ে ইট বেঁধে জলে ফেলে দেওয়া হয়েছিল। তবে আশপাশে লোকজনকে দেখতে পেয়ে অভিযুক্ত তড়িঘড়ি এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে অনুমান স্থানীয়দের।

দ্রুত পুলিশকে দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করেছে। তাঁকে বহরমপুরের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। অভিযুক্তকে দ্রুত চিহ্নিত করে স্থানীয় বাসিন্দারা কঠোর শাস্তির দাবি তুলেছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিশুটির পরিচয় জানার চেষ্টা চলছে। এলাকার কয়েক জন বাসিন্দাকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। কী কারণে এমন ঘটনা ঘটল এবং এর পিছনে কারা জড়িত, তা খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকেরা।


Share