Drug Trafficking

দক্ষিণ ২৪ পরগনায় মাদক পাচার বিরোধী অভিযানে বড় সাফল্য, উদ্ধার ৫০ কেজি গাঁজা

গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে কালিকাপুর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তিনজন মহিলা-সহ মোট ছ’জনকে গ্রেফতার করা হয়েছে।

ড্রাগ ট্রাফিকিং
নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা
  • শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ১১:১৩

মাদক পাচার রুখতে দক্ষিণ ২৪ পরগনার পুলিশ বড়সড় সাফল্য পেল। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। তল্লাশিতে প্রায় ৫০ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। এই ঘটনায় তিনজন মহিলা-সহ মোট ছ’জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা সকলেই মালদা জেলার বাসিন্দা।

মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার কালিকাপুর এলাকায় এই ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ধৃতরা মালদা থেকে গাঁজা নিয়ে এসে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় তা বিক্রি করার পরিকল্পনা করেছিল। সেই উদ্দেশ্যেই তারা ট্রেনে করে মালদা থেকে শিয়ালদহ স্টেশনে আসে। পরে অভিযুক্তরা শিয়ালদহ থেকে লোকাল ট্রেনে চড়ে কালিকাপুর স্টেশনে নামে। ইতিমধ্যেই সোনারপুর থানার পুলিশ এবং বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের কাছে গাঁজার চোরা চালান সংক্রান্ত গোপন খবর পৌঁছোয়। জানা যায়, কালিকাপুর স্টেশনের কাছেই একটি ফাঁকা জায়গায় গাঁজা হস্তান্তরের পরিকল্পনা ছিল। সেই অনুযায়ী পুলিশ আগেভাগেই সেখানে ওঁত পেতে থাকে।

অভিযুক্তরা গাঁজা পাচারের আগেই ঘটনাস্থলে হানা দেয়। উদ্ধার করে বিপুল পরিমাণ গাঁজা। অভিযানে তিনজন মহিলা-সহ মোট ছ’জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে মাদক বিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে। ধৃতদের পুলিশ হেফাজতে নিয়ে জেরা করা হবে। এই পাচারচক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে এবং গাঁজার উৎস ও গন্তব্য কোথায় ছিল, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।


Share