Special Intensive Rivision

৫৮ লক্ষের পরে আরও বাদ পাঁচ লক্ষের বেশি নাম, ৬০ লক্ষ বিচারাধীন, ভাগ‍্য ঝুলে বিচারকেদের হাতে

উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলায় ডিএম-এর তরফ থেকে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় দেখা গিয়েছে, বালুরঘাট বিধানসভা কেন্দ্রে চার হাজার ৮৯৪ জনের নাম বাদ পড়েছে। বিচারাধীন অবস্থায় রয়েছে ছ'হাজার ৫৭৭ জন ভোটারের নাম।

রাজ্যের সিইও মনোজকুমার আগরওয়াল
নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট
  • শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৫৫

শনিবার প্রকাশিত হল এসআইআর-এর চূড়ান্ত ভোটার তালিকা। বেলা ১২টা থেকে প্রকাশিত হতে শুরু করেছিল ওই তালিকা। প্রথম দফার চূড়ান্ত তালিকা থেকে আপাতত বাদ গেল পাঁচ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম।

খসড়া তালিকায় সাত কোটি আট লক্ষ ১৬ হাজার ৬৩০ জনের নাম ছিল। খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ জন। ফলে সব মিলিয়ে এখনও পর্যন্ত বাদের হিসাব দাঁড়াল ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জনে। তবে শনিবার প্রকাশিত তালিকা অনুযায়ী যে সাত কোটি চার লক্ষ ৫৯ হাজার ২৮৪ জনের নাম রয়েছে, তার মধ্যে ৬০ লক্ষ ছ'হাজার ৬৭৫ জনের নাম এখনও বিবেচনাধীন পর্যায়ে রয়েছে। যা বিবেচনা করছেন বিচারকেরা। এর মধ্যে থেকে আরও কিছু নাম বাদ যেতে পারে। একই সঙ্গে নতুন ভোটারদের নামও যুক্ত হবে।

উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলায় ডিএম-এর তরফ থেকে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় দেখা গিয়েছে, বালুরঘাট বিধানসভা কেন্দ্রে চার হাজার ৮৯৪ জনের নাম বাদ পড়েছে। বিচারাধীন অবস্থায় রয়েছে ছ'হাজার ৫৭৭ জন ভোটারের নাম। কুশুমন্ডি বিধানসভা কেন্দ্রে এক হাজার ৮১০ জনের নাম বাদ গিয়েছে, বিচারাধীন ২৭ হাজার ৯৫৪ জন। পাশাপাশি, কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্রে দু'হাজার ৩১৪ জনের নাম বাদের তালিকায়, বিচারাধীন ২৯ হাজার ৬০৭ জন।

অন্যদিকে, দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্রে ২০ হাজার ৪১৩ জনের নাম বিচারাধীন অবস্থায় রয়েছে, বাদ পড়েছে তিন হাজার ৭২৫ জন। হরিরামপুর বিধানসভায় বিচারাধীনের সংখ্যা ৩১ হাজার ৮০১, বাদ গিয়েছে দু'হাজার ৩১২ জন ভোটার। তপন বিধানসভা কেন্দ্রে বাদের তালিকায় রয়েছে ছ'হাজার ৭৪৮ জন, ১৫ হাজার ৯০৬ জন বিচারাধীন। অর্থাৎ বলা যেতে পারে, দক্ষিণ দিনাজপুরের সদর শহর বালুরঘাটে নাম বাদ অথবা বিচারাধীনের সংখ্যা অনেকটাই কম।


Share