Suicide case

রবীন্দ্রসদন স্টেশনে আত্মহত্যার চেষ্টা যুবকের! চালকের তৎপরতায় বাঁচল প্রাণ, আপাতত এসএসকেএম হাসপাতালে ভর্তি

এর আগে ২০ জানুয়ারি ৬টা ৩৫ নাগাদ মাস্টারদা সূর্য সেন স্টেশনে এক ব্যক্তি মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনার পরেই ব্লু লাইনের একটি বড় অংশের পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

ভোগান্তিতে যাত্রীরা।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬ ১০:১৯

ফের ব্লু-লাইনে আত্মহত্যার চেষ্টা। সাড়ে ন’টা নাগাদ রবীন্দ্র সদন স্টেশনে ঘটনাটি ঘটেছে। সেখানে এক যুবক আত্মহত্যার চেষ্টা করেছে। জেরে প্রায় ২৫ মিনিট মেট্রো পরিষেবা ব্যাহত হয়। চালকের তৎপরতায় যুবকের প্রাণ বাঁচানো গিয়েছে। আপাতত এসএসকেএম হাসপাতলে ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি ওই যুবকে ভর্তি করানো হয়েছে।

শনিবার রাতে আনুমানিক সময় ৯টা ৩৪ মিনিট নাগাত এক যুবক শহিদ ক্ষুদিরামগামী মেট্রোর সামনে ঝাঁপ দেন। জানা গেছে, যুবকের বয়স আনুমানিক ২৩ থেকে ২৫ এর মধ্যে। যার ফলে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী মেট্রো পরিষেবা ব্যাহত হয়। প্রায় ২৫ মিনিট ভাঙা পথে চলে মেট্রো। দুর্ঘটনার জেরে শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তমকুমার এবং দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত মেট্রো চলাচল করে। 

মেট্রো সূত্রের খবর, মোটরম‍্যানের তৎপরতায় যুবকের প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে। লাইনের বিদ‍্যুৎ বন্ধ করে যুবককে উদ্ধার করা সম্ভব হয়েছে। ডাউন স্টেশনের মাঝামাঝি জায়গায় ঘটনাটি ঘটেছে। সেই সময় মেট্রো থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। জখম যুবককে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। যুবকের পরিচয় ও আত্মহত্যার কারণ এখনও স্পষ্ট নয়। যুবকের কাছ থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে আসে ভবানীপুর থানার পুলিশ। তবে রাতের দিকে মেট্রো চলাচল ব্যাহত হওয়ায় যাত্রীরা তীব্র ভোগান্তির শিকার হন। মেট্রো ছেড়ে কেউ কেউ বাসে চেপে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। 

এর আগে ২০ জানুয়ারি মাস্টারদা সূর্যসেন মেট্রো স্টেশন থেকে এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেছিল। ওই ঘটনার পরেও মেট্রো চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। 'ব্লু লাইনে' এই ধরনের আত্মহত্যার চেষ্টা দিন দিন বাড়ছে। নতুন বছরে পা দিয়েও এর কোন সমাধান সূত্র এখনও পর্যন্ত বের করা যায়নি। এই ধরনের ঘটনার ফলে নিত্যযাত্রী থেকে সাধারণ যাত্রীরা বারংবার সমস্যার সম্মুখীন হচ্ছে।


Share