Suvendu Adhikari

‘যোগ চাপিয়ে দেওয়ার বিষয় নয়,’ প্রধানমন্ত্রীর মেগা অনুষ্ঠানের আগে নবান্ন থেকে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

পুলিশ সূত্রের খবর, ২১ জুন রেড রোডের অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সকাল ৬টা ১৫ মিনিটের মধ্যে প্রবেশ করতে হবে। এর প্রায় আধ ঘণ্টা পরে মূল কর্মসূচি শুরু হবে। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকবেন।

রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৮ জুন ২০২৬ ০৯:৫৫

যোগচর্চা জোর করে চাপিয়ে দেওয়ার কোনও বিষয় নয়। পশ্চিমবঙ্গের মাটি থেকেই যে যোগচর্চার সূচনা হয়েছিল, তাই তাকে তার যথাযথ মর্যাদা ফিরিয়ে দিতে রাজ‍্য সরকার উদ্যোগী হয়েছে। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “যোগ কোনও চাপিয়ে দেওয়ার বিষয় নয়। পশ্চিমবঙ্গের মাটি থেকেই যে যোগের সূচনা হয়েছিল, তাকে আবার তার পুরোনো জায়গায় ফিরিয়ে দেওয়া হচ্ছে।”

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচিতে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় আসছেন। সেই উপলক্ষে গত কয়েক দিন ধরেই জোরকদমে প্রস্তুতি চলছে। কর্মসূচি ঘিরে রেড রোডে যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেই অনুষ্ঠানকে ঘিরে বৃহৎ পরিসরে অবকাঠামোগত প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই আয়োজনকে কেন্দ্র করে কলকাতা হাই কোর্টে একটি মামলাও দায়ের হয়। হাই কোর্ট অবশ্য রাজ্যের এই সিদ্ধান্তে হস্তক্ষেপ করেনি। কোনও ধরনের অন্তর্বর্তী স্থগিতাদেশও হাই কোর্ট দেয়নি। তবে জনস্বার্থে পুলিশকে বিকল্প রাস্তা দিয়ে যান চলাচলের ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে।

রাজ্য সরকার জানিয়েছে, কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের নির্ধারিত প্রোটোকল মেনেই এই যোগ উৎসবের আয়োজন করা হয়েছে। দীর্ঘ ১২ বছর পর পশ্চিমবঙ্গ সরকার আনুষ্ঠানিক ভাবে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনে সক্রিয় অংশগ্রহণ করছে। সরকার মনে করছে, তিন দিনের এই কর্মসূচি এবং বিশেষ করে ২১ জুনের মূল কর্মসূচি সফল হলে যোগ দিবস উদযাপনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ একটি নতুন আন্তর্জাতিক নজির গড়তে সক্ষম হবে।

নবান্ন সূত্রের খবর, আন্তর্জাতিক যোগ দিবসের মূল কর্মসূচিটি হবে কলকাতার রেড রোডে। বর্ষাকাল এবং শহরের বিভিন্ন মাঠের কর্দমাক্ত পরিস্থিতির কথা বিবেচনা করেই এই স্থান নির্বাচন করা হয়েছে। সকালে হবে এই অনুষ্ঠান। ইতিমধ্যেই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য প্রায় ৩৮ হাজার মানুষ নাম নথিভুক্ত করেছেন। মূল মঞ্চের সামনে ৩৫ হাজারের বেশি মানুষ বসার ব্যবস্থা রাখা হয়েছে। তবে কলকাতা পুর এলাকা এবং সংলগ্ন বিভিন্ন স্থানে আয়োজিত কর্মসূচিগুলির মাধ্যমে কয়েক লক্ষ মানুষ এই যোগ উৎসবে যোগ দেবেন বলে প্রশাসন আশা করছে।

পুলিশ সূত্রের খবর, ২১ জুন রেড রোডের অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সকাল ৬টা ১৫ মিনিটের মধ্যে প্রবেশ করতে হবে। এর প্রায় আধ ঘণ্টা পরে মূল কর্মসূচি শুরু হবে। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকবেন। তাঁর উপস্থিতিকে ঘিরে ইতিমধ্যেই পুলিশকর্তারা নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখেছেন। প্রশাসনিক স্তরেও প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।


Share