DG Of West Bengal

পরবর্তী ডিজি কে হবেন? রাজীব কুমার-সহ মোট আটজন সিনিয়র আইপিএস অফিসারদের নাম পাঠাল রাজ‍্য সরকার

রাজ্য পুলিশের শেষ স্থায়ী ডিজি ছিলেন মনোজ মালবীয়। ২০২৩ সালের ডিসেম্বরে অবসর নেন তিনি। ডিজি নিয়োগের বিধি অনুযায়ী, মালবীয় অবসরের সময়ে যে আট জন রাজ্য পুলিশের সিনিয়র আইপিএস ছিলেন, তাঁদের নামই পাঠানো হয়েছে প্রস্তাবিত তালিকায়।

রাজ‍্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমার।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬ ১১:০২

রাজ‍্য পুলিশের পরবর্তী ডিজি কে হবেন? তা নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে। আগামী ৩১ জানুয়ারি অবসর নেবেন ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমার। তার আগে ২৮ জানুয়ারি তাঁকে সংবর্ধনা দেবে রাজ্য সরকার। ক‍্যাটের নির্দেশ মেনে নির্ধারিত সময়ের মধ্যে সেই তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। মোট আটজনের তালিকা পাঠানো হয়েছে। সেই তালিকায় রাখা হয়েছে বর্তমানের ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমারকেও।

নবান্ন সূত্রের খবর, রাজ‍্যের পাঠানো তালিকায় রাজীব কুমারের পাশাপাশি মামলাকারী আইপিএস অফিসার রাজেশ কুমারের নামও রাখা হয়েছে। এর পাশাপাশি, নটরজন রমেশ বাবু, দেবাশিস রায়, অনুজ শর্মা, রণবীর কুমার, সিদ্ধিনাথ গুপ্ত, অনুজ শর্মা-সহ মোট আট জনের সিনিয়র আইপিএস অফিসারের নাম পাঠানো হয়েছে। তাঁরা সবাই ডিজি পদমর্যাদার আধিকারিক।

প্রসঙ্গত, রাজ্য পুলিশের শেষ স্থায়ী ডিজি ছিলেন মনোজ মালবীয়। ২০২৩ সালের ডিসেম্বরে অবসর নেন তিনি। ডিজি নিয়োগের বিধি অনুযায়ী, মালবীয় অবসরের সময়ে যে আট জন রাজ্য পুলিশের সিনিয়র আইপিএস ছিলেন, তাঁদের নামই পাঠানো হয়েছে প্রস্তাবিত তালিকায়। সেই তালিকায় বর্তমান ভারপ্রাপ্ত ডিজি রাজীবও পড়েন। তাই তাঁর নামও রাজ্য সরকারকে পাঠাতে হয়েছে।

প্রশাসনিক আধিকারিকদের একাংশের বক্তব্য, সেই প্রশাসনিক কারণেই রাজীবের নাম ওই তালিকায় রয়েছে। তার অর্থ এই নয় যে, রাজীবকেই আবার ডিজি করা হবে। একটি সূত্রের দাবি, পরবর্তী স্থায়ী ডিজি পদের জন্য পীযুষ পাণ্ডে, রাজেশ কুমার এবং রণবীর কুমারের নাম আলোচনায় রয়েছে। এঁদের মধ্যে পীযুষ প্রাক্তন এসপিজি। আপাতত তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা রক্ষার রয়েছেন। তবে পরবর্তী ডিজি যে এই তিনটি নামের মধ্য থেকেই বেছে নেওয়া হবে, তা নিশ্চিত নয়।

স্থায়ী ডিজি নিয়োগের জন্য আগেও প্রস্তাবিত নামের তালিকা পাঠিয়েছিল রাজ্য। কিন্তু আইনি জটিলতায় সেই নিয়োগ হয়নি। ইউপিএসসি-র বক্তব্য, পূর্ববর্তী স্থায়ী ডিজি অবসর নেওয়ার অন্তত তিন মাস আগে পাঠাতে হত প্রস্তাবিত নামের প‍্যানেল। অর্থাৎ, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে ওই তালিকা পাঠাতে হত। কিন্তু রাজ্য প্রস্তাবিত নামের প্যানেল পাঠিয়েছিল ওই বছরের ২৭ ডিসেম্বর। সম্প্রতি সেই প্যানেল ফেরত চলে আসে।

মামলা হয় সেন্ট্রাল অ‍্যাডমিনিসট্রেটিভ ট্রাইবুনাল বা ক‍্যাটে। ক‍্যাটের নির্দেশের পর বুধবার আট জন সিনিয়র আইপিএস-এর প্রস্তাবিত নামের তালিকা দিল্লিতে পাঠিয়ে দেয় রাজ্য সরকার। ট্রাইব্যুনালের নির্দেশ অনুসারে আগামী ২৮ জানুয়ারি (বুধবার) ওই প্রস্তাবিত নামের তালিকা নিয়ে বৈঠকে বসবে ইউপিএসসি-র ‘এমপ্যানেলমেন্ট কমিটি’। তার পরে ২৯ জানুয়ারি তিন জনের নাম বাছাই করে সেগুলি রাজ্যকে পাঠাবে তারা। ট্রাইবুনালের নির্দেশ, যত দ্রুত সম্ভব ওই তিন জনের প্যানেল থেকে ডিজি নিয়োগের বিষয়ে যথাযথ সিদ্ধান্ত নিতে হবে রাজ্যকে।


Share