Train Update

বালিগঞ্জে ট্রাফিক ব্লক, ২৭-২৮ জুন শিয়ালদহ দক্ষিণ শাখায় একাধিক ট্রেন বাতিল

রেল সূত্রে খবর, শনিবার অর্থাৎ ২৭ জুন রাত ১০টা ১৫ মিনিট থেকে রবিবার অর্থাৎ ২৮ জুন ভোর চারটে ৪৫ মিনিট পর্যন্ত এই ব্লক কার্যকর থাকবে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৫ জুন ২০২৬ ১১:০৩

বালিগঞ্জ স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ ট্রাফিক ও পাওয়ার ব্লকের কারণে আগামী ২৭ ও ২৮ জুন শিয়ালদহ দক্ষিণ শাখার একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। যাত্রীদের আগাম সতর্ক করে পূর্ব রেল জানিয়েছে, রেল পরিকাঠামোর উন্নয়নমূলক কাজের জন্য ডাউন প্যাসেঞ্জার লাইনে প্রায় ছ'ঘণ্টা ৩০ মিনিটের ট্রাফিক ব্লক নেওয়া হবে।

রেল সূত্রে খবর, শনিবার অর্থাৎ ২৭ জুন রাত ১০টা ১৫ মিনিট থেকে রবিবার অর্থাৎ ২৮ জুন ভোর চারটে ৪৫ মিনিট পর্যন্ত এই ব্লক কার্যকর থাকবে। এর ফলে শিয়ালদহ দক্ষিণ শাখার বিভিন্ন রুটে ট্রেন চলাচলে ব্যাপক প্রভাব পড়বে।

২৭ জুন বাতিল ট্রেনগুলির মধ্যে রয়েছে শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর শাখার ৩৪৭৫২, ৩৪৭৫৪, ৩৪৭৫৫ ও ৩৪৭৫৭ নম্বর ট্রেন। শিয়ালদহ-ক্যানিং শাখার ৩৪৫৫৪ ও ৩৪৫৫৫, শিয়ালদহ-ডায়মন্ড হারবার শাখার ৩৪৮৫৮, ৩৪৮৬০, ৩৪৮৫৭ ও ৩৪৮৫৯, শিয়ালদহ-বজবজ শাখার ৩৪১৬২ ও ৩৪১৬১ এবং শিয়ালদহ-সোনারপুর শাখার ৩৪৪৩৬ নম্বর ট্রেন বাতিল করা হয়েছে। এ ছাড়া ২৮ জুন শিয়ালদহ-সোনারপুর শাখার ৩৪৪১২ ও ৩৪৪১১ নম্বর ট্রেনও বাতিল থাকবে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, শুধুমাত্র ট্রেন বাতিলই নয়, বেশ কয়েকটি ট্রেনকে নির্ধারিত গন্তব্যের পরিবর্তে সোনারপুর ও নিউ আলিপুর স্টেশন পর্যন্ত চালানো হবে। সেখান থেকেই ট্রেনগুলি পুনরায় যাত্রা শুরু করবে।

ব্লক শুরুর আগে নির্ধারিত গন্তব্য পর্যন্ত সমস্ত স্টপেজে চলাচলকারী শেষ ট্রেন হবে ৩৪৭৫০ ডাউন এবং ৩৪৫৫৩ আপ। অন্য দিকে, ব্লক শেষ হওয়ার পর প্রথম ট্রেন হিসেবে চলবে ৩৪৫১১ আপ ও ৩৪৮১৪ ডাউন।

এই প্রসঙ্গে শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা বলেন, ‘রেলের পরিকাঠামোর সর্বোচ্চ মান বজায় রাখার জন্য এই পয়েন্ট রূপান্তর কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাত্রীদের অসুবিধা কমাতে সপ্তাহান্তে এই ট্রাফিক ব্লকের পরিকল্পনা করা হয়েছে। নিরাপদ ও দ্রুততর রেলযাত্রার স্বার্থে আমরা যাত্রীদের সহযোগিতা কামনা করছি।’ রেলের তরফে যাত্রীদের বিকল্প যাতায়াতের পরিকল্পনা করে যাত্রা করার পরামর্শ দেওয়া হয়েছে।


Share