State Holiday

আগামী ৬ জুলাই রাজ্যজুড়ে ছুটি, শ্যামাপ্রসাদের নামে হবে ১২৫ ফুটের মূর্তি, ঘোষণা করল রাজ্য সরকার

আগামী ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্যে পূর্ণদিবস সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও বিধানচন্দ্র রায়।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৬ জুন ২০২৬ ০৪:৫১

রাজ্য বাজেটে ঘোষণার পর এ বার আনুষ্ঠানিক ভাবে জোড়া সরকারি ছুটির নির্দেশিকা জারি করল রাজ‍্যের অর্থ দফতর। আগামী ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্যে পূর্ণদিবস সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, আগামী ১ জুলাই রাজ‍্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও চিকিৎসক বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকীতে অর্ধদিবস ছুটির বিজ্ঞপ্তিও নবান্ন প্রকাশ করেছে। চলতি বছরের রাজ্য বাজেট পেশের সময় এই দুই বিশেষ ছুটির ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সেই ঘোষণার ভিত্তিতেই বৃহস্পতিবার রাজ্য সরকারের তরফে আনুষ্ঠানিক ভাবে নির্দেশিকা জারি করা হয়েছে।

রাজ্যের প্রথম বিজেপি সরকার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান ও আদর্শকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে একাধিক উদ্যোগ নিয়েছে। তাঁর ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ৬ জুলাই রাজ্যজুড়ে পূর্ণদিবস সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। শুধু সরকারি ছুটিই নয়, শ্যামাপ্রসাদের স্মৃতিকে চিরস্থায়ী করে রাখতে একাধিক প্রকল্পেরও ঘোষণা করেছে। তার মধ্যে অন্যতম, তাঁর স্মরণে ১২৫ ফুট উঁচু একটি বিশালাকার মূর্তি নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। আগামী ৬ জুলাই তাঁর জন্মবার্ষিকীর দিনই এই প্রকল্পের আনুষ্ঠানিক ভূমিপুজো হওয়ার কথা রয়েছে। সরকারের দাবি, এই উদ্যোগের মাধ্যমে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন, কর্ম ও জাতীয় জীবনে তাঁর অবদানকে আরও বিস্তৃত ভাবে মানুষের সামনে তুলে ধরা হবে।

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিকে সংরক্ষণ করতে হুগলির জিরাটে অবস্থিত তাঁর পৈতৃক বাড়ির সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি, তাঁর নামে একটি আধুনিক গ্রন্থাগার ও একটি পার্ক নির্মাণের পরিকল্পনাও নেওয়া হয়েছে। এই সমস্ত উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের জন্য ইতিমধ্যেই ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

অন্য দিকে, আগামী ১ জুলাই বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে সারা রাজ্যে ‘চিকিৎসক দিবস’ (ডক্টরস ডে) পালিত হবে। এই উপলক্ষে রাজ্য সরকার অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী, ওই দিন দুপুর দু'টোর পর থেকে সমস্ত সরকারি দফতর, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি অনুদানপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে এই ছুটির আওতার বাইরে রাখা হয়েছে কলকাতার রেজিস্ট্রার অব অ্যাসিওরেন্সেস এবং কালেক্টর অব স্ট্যাম্প রেভিনিউ দফতরকে।

সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১-এর ২৫ নম্বর ধারা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রাসঙ্গিক নির্দেশিকা অনুসরণ করেই রাজ্যপালের অনুমোদনে এই দুই ছুটির ঘোষণা করা হয়েছে।

প্রসঙ্গত, প্রতি বছর ১ জুলাই চিকিৎসক দিবস উপলক্ষে রাজ্যের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিধানচন্দ্র রায়ের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা শিবির, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং বিভিন্ন সামাজিক কর্মসূচিরও আয়োজন করা হয়। এ বছর সরকারিভাবে অর্ধদিবস ছুটি ঘোষণার ফলে সেই উদ্‌যাপন আরও বিস্তৃত হবে বলে মনে করা হচ্ছে।


Share